২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটকীয় সমাপ্তির অপেক্ষায় সিডনি টেস্ট

বিশ্ব একাদশের বোলারদের চমৎকার বোলিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে অল্প পুঁজিতেই অলআউট করে দিয়েছে। এর ফলে আইসিসি সুপার সিরিজের সিডনি টেস্টে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ টেস্টের শেষটা যে নাটকীয় হতে যাচ্ছে তা বোঝাই যাচ্ছে ম্যাচের তৃতীয় দিনের ম্যাচ সামারিতে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2005, 02:50 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

রোববার ম্যাচের তৃতীয় দিনের শেষ সেশনে স্বাগতিক অস্ট্রেলিয়ার ইনিংস ১৯৯ রানের মধ্যেই গুটিয়ে যায়। জয়ের জন্য বিশ্ব একাদশ ৩৫৫ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে আলোর স্বল্পতার কারণে খেলা তৃতীয় দিনের মত শেষ হওয়ার আগে দুই উইকেট হারিয়ে ২৫ রান সংগ্রহ করেছে।

অস্ট্রেলিয়া মাত্র ৪৭ রানের মধ্যে শেষ নয়টি উইকেট হারায়। ১১৭ বছরের টেস্ট ইতিহাসের মধ্যে দেশের মাটিতে এটাই অস্ট্রেলিয়ার খুব দ্রুত এতগুলো উইকেট হারানোর রেকর্ড।

মুত্তিয়া মুরলিধরন, অ্যান্ড্রু ফ্লিনটফ ও স্টিভ হার্মিসনের প্রত্যেকে তিনটি করে উইকেট লাভ করেছেন।

আগের দিনের ৬৬-১ নিয়ে অস্ট্রেলিয়া খেলতে নামলে হার্মিসন ম্যাথু হেইডেন ও মাইকেল ক্লার্ককে লাঞ্চের আগেই দ্রুত আউট করে দিয়ে অস্ট্রেলিয়া-বধের সূচনা করেন। হেইডেন ৭৭ রানে ও ক্লার্ক পাঁচ রানে আউট হন।

লাঞ্চের পরে ফ্লিনটফ অধিনায়ক রিকি পন্টিংকে ৫৪ রানে আউট করেন। এরপর শেন ওয়াটসনকে (১০) মার্ক বাউচারের গ্লাভসে বল তুলে দিতে বাধ্য করেন। শেন ওয়ার্ন সাত রান করে ফ্লিনটফের বলেই দ্রাবিড়ের হাতে ক্যাচ তুলে দেন।

পন্টিংয়ের আউটের পর পরই মুরলিধরন তার আসল রূপ দেখান। মুরলির বলে অ্যাডাম গিলক্রিস্ট স্লিপে ক্যালিসের হাতে ক্যাচ দিয়ে মাত্র এক রানে আউট হন। সাইমন ক্যাটিচকে (২) কট অ্যান্ড বল করেন মুরালিধরন।

আলোর স্বল্পতার কারণে খেলা চা-বিরতির পর ৭৫ মিনিট বন্ধ থাকার পর আবার খেলা শুরু হলে বিশ্ব একাদশ মাত্র তিন ওভারের মধ্যেই অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে দেয়।

গ্লেন ম্যাকগ্রা (২) মুরালির বলে স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। অপরদিকে ব্রেট লি তিন রানে হার্মিসনের বলে মুরালির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ানে ফেরত আসেন।

বিশ্ব একাদশের দ্বিতীয় ইনিংসের শুরুতেই গ্লেন ম্যাকগ্রা বিশ্ব একাদশের অধিনায়ক গ্রায়েম স্মিথকে (০) বোল্ড করেন। মাঠে আলো কমতে থাকলে পন্টিং দুই স্পিনার ম্যাকগিল ও ওয়ার্নকে আক্রমণে আনেন।

ম্যাকগিল তার দ্বিতীয় ওভারেই ভারতের বীরেন্দ্র শেওয়াগকে আউট করে অধিনায়কের সিদ্ধান্তের কার্যকারিতা প্রমাণ করেন। শেওয়াগ সাত রানে উইকেট রক্ষক গিলক্রিস্টের হাতে ক্যাচ দেন।

ভারতের রাহুল দ্রাবিড় ১৭ রানে এবং ব্রায়ান লারা কোন রান না করেই অপরাজিত রয়েছেন।

আলোর স্বল্পতার কারণে দিনের খেলা ৩৪ ওভার বাকি থাকতেই আম্পায়ারদ্বয় তৃতীয় দিনের মত খেলার সমাপ্তি টানেন।