২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীর গোল উৎসব

শুরুতেই দর্শনীয় গোলে সুর বেঁধে দিলেন ইমন মাহমুদ। এগিয়ে গিয়ে আরও আক্রমণাত্মক হয়ে উঠল আবাহনী লিমিটেড। গোলও মিলল ভুরিভুরি। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে উড়িয়ে দিল মারিও লেমোসের দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2022, 07:15 PM

Updated : 25 Oct 2022, 10:58 AM

কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার প্রিমিয়ার লিগে ম্যাচটি ৫-০ গোলে জিতেছে আবাহনী। বিরতির আগেই আরও দুই গোল করেন দেনিয়েল কলিনদ্রেস সোলেরা ও রাফায়েল অগাস্তো দি সিলভা। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন নাবীব নেওয়াজ জীবন।

লিগ শিরোপা আগের দিনই নির্ধারণ হয়ে গেছে। দুই ম্যাচ বাকি রেখেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। আবাহনীর রানার্সআপ হওয়াটাও নিশ্চিত।

এ দিনের জয়ে ২০ ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়াল ৪৪। কিংসের পয়েন্ট ৫১।

ষষ্ঠ মিনিটে ইমনের গোলটি চোখে লেগে থাকবে দর্শকদের। ডান দিক থেকে সুশান্ত ত্রিপুরার বাড়ানো ক্রস শেখ জামালের এক খেলোয়াড় হেডে ক্লিয়ার করার চেষ্টা করলেও বল চলে যায় রাকিবের পায়ে। তার শট প্রতিহত হয়ে ফিরলে ইমন প্রথমে ডান পায়ে শট নেন বক্সের বাইরে থেকে। সেটিও প্রতিহত হলে বাঁ পায়ের দারুণ ফিরতি শটে লক্ষ্যভেদ করেন তিনি।

৩৯তম মিনিটে কলিন্দ্রেসের ফ্রি কিক থেকে রাফায়েল অগাস্তো হেডে বল জালে জড়ান। তিন মিনিট পর তাদের দুজনের বোঝাপড়াতেই তৃতীয় গোলটি পায় আবাহনী। বাঁ দিক থেকে রাফায়েল পাস দিয়েছিলেন কলিন্দ্রেসের উদ্দেশ্যে। কোস্টা রিকান তারকা ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন।

৭৬তম মিনিটে জীবনের গোলে ব্যবধান ৪-০ করে আবাহনী। আর ৮২তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন জীবন।

২০টি করে ম্যাচ খেলে সাইফ স্পোর্টিংয়ের সমান ৩৪ পয়েন্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। তবে গোল ব্যবধানে এগিয়ে তৃতীয় স্থানে আছে সাইফ।