‘ফূর্তিতে থাকলে গোল করি, ম্যাচ জিতি’
সাড়া জাগিয়ে, প্রত্যাশার ডালি সাজিয়ে ম্যানচেস্টার সিটিতে পা ফেললেন আর্লিং হলান্ড। নিজের ও দলের চাওয়া পূরণ করতে পারবেন কি-না, উত্তরটা আপাতত সময়ের হাতে তোলা। তবে দারুণ সম্ভাবনাময় এই ফরোয়ার্ড যে বার্তা দিলেন, তাতে সমর্থকরা আশাবাদী হতেই পারেন। পরিচয়পর্বে সাফল্যের প্রতিশ্রুতি দেওয়ার ফাঁকে বললেন, ফুটবলটা উপভোগ করতে পারলেই তিনি গোল করেন, ম্যাচ জেতেন।
কদিন আগেই বরুশিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দিয়েছেন হলান্ড। রোববার ছিল ক্লাব সমর্থকদের সঙ্গে পরিচিতি পর্ব। সেখানেই নতুন মিশন নিয়ে তিনি আশার কথা শোনান প্রত্যয়ী কণ্ঠে।
“সবকিছুর জন্য সত্যিই উন্মুখ হয়ে আছি এবং আমি নিশ্চিত, আমরা একসঙ্গে দারুণ সময় কাটাব।”
“আশা করি, দলে আমি আরও কিছু নতুন মান যোগ করতে পারব। একজন স্ট্রাইকার হিসেবে আমি আনন্দ পেতে চাই: যখন আমি ফূর্তিতে থাকি তখন গোল করি, ম্যাচ জিতি এবং…এটা তখন সহজ হয়ে যায়!”
সিটিকে গোল এনে দেওয়ার দায়িত্ব হলান্ডের কাঁধেই থাকবে বেশি। গাব্রিয়েল জেসুস চলে যাওয়ায় সামনের দিনগুলোতে দলটির আক্রমণের নেতৃত্বে থাকবেন তিনি।
ইংলিশ ক্লাবটি আগের দিন এটাও জানিয়ে দিয়েছে যে আসছে মৌসুমে তাদের ‘নাম্বার নাইন’ জার্সি পরবেন নরওয়ের এই ফরোয়ার্ড।
আগামী ২১ জুলাই ২২ বছর পূর্ণ করতে যাওয়া হলান্ড ২০২০ সালের শুরুতে ডর্টমুন্ডে যোগ দেওয়ার পর থেকে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সময়ের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়দের একজন হিসেবে। দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৮৯ ম্যাচে ৮৬ গোল করেছেন তিনি।
এর মধ্যে গত মৌসুমে হলান্ড সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০ ম্যাচ খেলে করেন ২৯ গোল। গড়ে ৩.৬ টি সুযোগে একটি করে গোল করেন তিনি আর নিশ্চিত সুযোগের ক্ষেত্রে তার গোল করার হার ৬৫.৮ শতাংশ।
লিভারপুলকে টপকে গত মৌসুমের প্রিমিয়ার লিগ জয়ী সিটি চ্যাম্পিয়ন্স লিগে উঠেছিল সেমি-ফাইনালে। এফএ কাপেও শেষ চারে খেলেছিল তারা। পুরো এই মৌসুমের অধিকাংশ ম্যাচেই ‘ফলস নাইন’ নিয়ে দল সাজাতে দেখা গেছে কোচ পেপ গুয়ার্দিওলাকে। দলে প্রথাগত সেন্টার-ফরোয়ার্ড থাকতো না বললেই চলে, ঠিক যেমনটা হলান্ড।
