২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

র‌্যাশফোর্ডকে বর্ণবাদী গালি, ব্রিটিশ টিনএজারের কারাদণ্ড

গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ইংল্যান্ডের ফরোয়ার্ড মার্কাস র‌্যাশফোর্ডকে সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবাদী গালি দেওয়ার জন্য শাস্তি পেয়েছেন একজন। ছয় সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়েছে ব্রিটিশ টিনএজার জাস্টিন লি প্রাইসকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2022, 10:43 PM

Updated : 25 Oct 2022, 10:20 AM

Image
ইংলিশ ফরোয়ার্ড মার্কাস র‍্যাশফোর্ড

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) বুধবার বিষয়টি জানায়।

গত বছরের জুন-জুলাইয়ে হওয়া ইউরোর ফাইনালে ইতালির বিপক্ষে টাইব্রেকারে হেরে যায় ইংল্যান্ড। তাদের হয়ে পেনাল্টি মিস করেন র‌্যাশফোর্ড, বুকায়ো সাকা ও জেডন স্যানচো।

ওই সময়ে এই তিন জনকে উদ্দেশ্য করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবাদমূলক মন্তব্য এসেছিল। ওই ঘটনার জের ধরেই আটক করা হয় লি প্রাইসকে।

১৯ বছর বয়সী লি প্রাইস গত ১৭ মার্চ ওরচেস্টার ম্যাজিস্ট্রেট কোর্টের শুনানিতে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বার্তা পাঠানোর কথা স্বীকার করেন।

সিপিএস জানিয়েছে, বুধবার কিডারমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালত লি প্রাইসকে সাজা দেয়। র‌্যাশফোর্ডকে উদ্দেশ্য করে করা পোস্টটির বিষয়ে রিপোর্ট করার পর লি প্রাইস প্রাথমিকভাবে তার টুইটার অ্যাকাউন্টের ব্যবহারকারীর নাম পরিবর্তন করে সনাক্তকরণ এড়ানোর চেষ্টা করেছিলেন।

লি প্রাইসকে গ্রেপ্তারের পর প্রথম দফায় পুলিশের জিজ্ঞাসাবাদে অপরাধ অস্বীকার করেন। দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করা হলে টুইটটি পোস্ট করার কথা স্বীকার করেন তিনি।