মালদ্বীপের ব্যর্থতার ক্ষতে সিলেটে প্রলেপ দেওয়ার প্রত্যয়
সাধারণত দলের ব্যর্থতার পর কোচ আগলে রাখেন খেলোয়াড়দের। দায় তুলে নেন নিজের কাঁধে। প্রচলিত নিয়ম যেন ভাঙলেন ইয়াসিন আরাফাত! কোচ হাভিয়ের কাবরেরাকে নয়, মালদ্বীপে হারের দায় দিলেন নিজেদেরকেই। প্রত্যয়ী কণ্ঠে তরুণ এই ডিফেন্ডার জানালেন, মালেতে না পারার ক্ষতে সিলেটের ম্যাচে দিতে চান প্রলেপ।
সিলেট জেলা স্টেডিয়ামে আগামী মঙ্গলবার মঙ্গোলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২১ বছর পর ফের মুখোমুখি হবে দল দুটি।
২০০২ বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচে ২০০১ সালে মুখোমুখি হওয়ার পর পানি গড়িয়েছে অনেক। কিন্তু ফিফার র্যাঙ্কিংয়ে এই দুটি দলের অবস্থানে তেমন কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশ বর্তমানে ১৮৬তম, দুই ধাপ এগিয়ে ১৮৪তম স্থানে আছে মঙ্গোলিয়া।
দুই দশকেরও বেশি সময় আগের দুই দেখায় বাংলাদেশের প্রাপ্তিই বেশি। প্রথম ম্যাচে আলফাজ আহমেদের জোড়া গোলে ৩-০ গোলে জিতেছিল লাল-সবুজ জার্সিধারীরা। বাছাইয়ের ফিরতি লেগ হয়েছিল ২-২ ড্র।
নিজেদের সবশেষ ম্যাচে হারের তেতো স্বাদ পেয়েছে দুই দলই। লাওসের বিপক্ষে ১-০ গোলে হেরে এসেছে মঙ্গোলিয়া। মালদ্বীপে প্রীতি ম্যাচে বাংলাদেশের হার ২-০ ব্যবধানে।
“মালদ্বীপে এমন ফল অবশ্যই হতাশাজনক। আমরা জয়ের জন্য গিয়েছিলাম। জয় পাইনি। এবার যেহেতু ঘরের মাঠে খেলা। চেষ্টা করব ম্যাচটা জিততে। আমরা হয়তো ভালো খেলিনি বলেই জিততে পারিনি। শুধু ডিফেন্স নয়, পুরো টিম হয়ে খেলতে পারিনি। মালদ্বীপে এটাই হারের মূল কারণ। আরেকটু আত্মবিশ্বাস থাকলে, আরও একটু চেষ্টা থাকলে হয়তো ভালো হতো। আশা করছি সামনের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব।”
“যেহেতু সবাই খেলার মধ্যে আছে, সবাই ফিট আছে। আমার মনে হয় অস্কার ব্রুসন ও হাভিয়ের কাবরেরার কোচিং স্টাইল প্রায় একই রকম। অত বেশি পরিবর্তন হয়নি। আমরা আসলে (আমাদের পরিকল্পনা) যথাযথ প্রয়োগ করতে পারিনি। এটা খেলোয়াড়দের ব্যর্থতা।”
“১৮ বছর পর মালদ্বীপকে হারানোর পর সেটা আমাদের জন্য খুব ইতিবাচক ছিল। আমাদের লক্ষ্য ছিল ধারাবাহিকতা বজায় রাখার, কিন্তু হয়নি। যেটা চলে গেছে সেটা নিয়ে পড়ে থাকলে তো হবে না। আমরা চেষ্টা করব পরের ম্যাচে ভালোভাবে ফিরে আসতে।”
জয়ে ফিরতে চাই পরিকল্পনার বাস্তবায়ন। বসুন্ধরা কিংসের ডিফেন্ডার ইয়াসিন প্রতিশ্রুতি দিলেন কাবরেরার ছক বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করার।
“প্রত্যেকটি প্রতিপক্ষই শক্তিশালী। মঙ্গোলিয়ার সঙ্গে আমাদের খেলা হয়নি (অনেক দিন)। তবে তারা কিছুদিন আগে লাওসের সঙ্গে খেলেছে। লাওসকে হারিয়েছে। কোচ আমাদের ভিডিও ক্লিপ দেখিয়েছেন। তাদের দুর্বলতা ও শক্তির দিকগুলো আমাদের জানিয়েছেন। এগুলো নিয়ে কাজ চলছে। আমরা চেষ্টা করব পরিকল্পনাগুলো এক্সিকিউট করতে।”
