পিএসজির বিপক্ষে 'হারানো গৌরব' ফেরাতে চায় রিয়াল
ম্যাচ শেষের আগমুহূর্তে গোল করলেন কিলিয়ান এমবাপে। হেরে গেল রিয়াল মাদ্রিদ। প্যারিসে গত মাসের সেই বিষাদের রাত এখনও তাড়া করে কার্লো আনচেলত্তিকে। পিএসজির বিপক্ষে ফিরতি লেগে তাই মধুর প্রতিশোধ নিতে ‘সেরা রিয়ালকে’ দেখতে মুখিয়ে আছেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বুধবার বাংলাদেশ সময় রাত ২টায় মুখোমুখি হবে দুই দল। এবারের লড়াই নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে হওয়ায় আরও বেশি আশাবাদী আনচেলত্তি।
ম্যাচের আগে ঘুরেফিরে আসছে প্রথম লেগের সেই ১-০ গোলে হারের তিক্ত স্মৃতি। পারফরম্যান্সের দিক থেকে চলতি মৌসুমে রিয়ালের সবচেয়ে বাজে ম্যাচগুলোর একটি ছিল সেটি। সেই হারের ক্ষতে এবার প্রলেপ দিতে চান আনচেলত্তি।
“আমরা খুবই গর্বিত একটি দল এবং (প্রথম লেগের) ওই পারফরম্যান্স আমাদের খুব আঘাত করেছিল। আমরা গর্বিত একটি দল… বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের মতো প্রতিযোগিতায়।”
“আমরা গর্বের জন্য খেলব। প্যারিসে আমরা সেরা পিএসজিকে দেখেছিলাম। আশা করি, বুধবার সেরা রিয়ালকে দেখতে পাব।”
সাম্প্রতিক সময়ে অবশ্য সেরা ছন্দেই আছে রিয়াল। গত শনিবার রিয়াল সোসিয়েদাদকে তারা উড়িয়ে দেয় ৪-১ গোলে। পিএসজির বিপক্ষে ফিরতি লেগ নিয়ে তাই আরও বেশি আশাবাদী এই ইতালিয়ান কোচ। লক্ষ্য পূরণে দলকে সবদিকে ‘স্মার্ট’ হতে বললেন তিনি।
“আমাদের স্মার্ট হতে হবে এবং স্মার্টলি খেলতে হবে। মাঠে নামতে হবে জয়ের জন্য। আমাদের অনেক গোল করার দরকার নেই। প্রয়োজন কেবল সংঘবদ্ধ থাকা। সমর্থকদের সমর্থন আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে।”
চাওয়া পূরণের পথটা অবশ্য মোটেও মসৃণ নয় আনচেলত্তির দল। পিএসজির প্রথম লেগের জয়ের নায়ক এমবাপের চোটের কারণে খেলা নিয়ে জমে ওঠা অনিশ্চয়তার মেঘ কাটতে শুরু করেছে। বিশ্বকাপ জয়ী এই ফরাসি ফরোয়ার্ডকে রেখে দল ঘোষণা করেছেন পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো।
এমবাপেকে নিয়ে পুরান গুঞ্জনও ডানা মেলছে নতুন করে। দীর্ঘদিন ধরে কথা হচ্ছে তার রিয়ালে নোঙর ফেলার সম্ভাবনা নিয়ে। আনচেলত্তি অবশ্য গুঞ্জনে ভেসে যাচ্ছে না। এমবাপে খেলবেন-এমনটা ধরে নিয়ে ছক কষার কথা মঙ্গলবারের সংবাদ সম্মেলনে জানালেন তিনি।
“এমবাপে খেলবে-এটা ধরে নিয়েই আমরা প্রস্তুতি নিব। আমরা শুধু এটাই করতে পারি।”
“যদি এমবাপে আমাদের সমর্থকদের কাছ থেকে দারুণ অভ্যর্থনা পায়, তাহলে আমি বিস্মিত হব না। রিয়াল সমর্থকরা সবসময় গ্রেট প্লেয়ারদের শ্রদ্ধার সঙ্গে বরণ করে। কিন্তু আমাদের সমর্থকরা জিততে চায় এবং এটাকেই তারা সবচেয়ে বেশি প্রাধান্য দেয়।”
