শঙ্কা কাটিয়ে রিয়াল ম্যাচের দলে এমবাপে
অনুশীলনে চোট পাওয়ায় চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে কিলিয়ান এমবাপের খেলা নিয়ে জেগেছিল শঙ্কা। শেষ পর্যন্ত অনিশ্চয়তা কাটিয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের জন্য পিএসজি দলে আছেন ফরাসি তারকা।
ক্লাবের ওয়েবসাইটে মঙ্গলবার ফিরতি লেগের জন্য এমবাপেকে নিয়েই ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো।
দলের অনুশীলনে সোমবার এমবাপে বাঁ পায়ে আঘাত পাওয়ার পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা জন্মে, রিয়ালের বিপক্ষে ম্যাচ থেকে বুঝি ছিটকেই যাবেন তিনি। তবে পরীক্ষায় ততটা গুরুতর কিছু ধরা পড়েনি।
রিয়ালের বিপক্ষে গত মাসের প্রথম লেগে নিজেদের মাঠে এমবাপের শেষ সময়ের দুর্দান্ত গোলেই জিতেছিল পিএসজি।
সান্তিয়াগো বের্নাবেউয়ে ফিরতি লেগের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার রাত ২ টায়।
