রাশিয়াকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ফ্রান্সের
ইউক্রেইনে আক্রমণ শুরুর পর থেকে নানাভাবে রাশিয়ার ক্রীড়াঙ্গনেও পড়তে শুরু করেছে বড় প্রভাব। সেন্ট পিটার্সবুর্গ থেকে সরিয়ে নেওয়া হয়েছে চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। দেশটির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে তিন দল। এবার দেশটিকে ২০২২ বিশ্বকাপ থেকেই বাদ দিতে ফিফার প্রতি আহ্বান জানালেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) প্রেসিডেন্ট নুয়েল লু ঘায়েত।
দুই প্রতিবেশী দেশের কয়েক সপ্তাহের ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর ইউক্রেইনের বিরুদ্ধে স্থল, আকাশ ও সমুদ্রে পথে সর্বাত্মক আক্রমণ শুরু করে রুশ বাহিনী। শুক্রবার তারা রাজধানী কিয়েভে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সংঘর্ষ আরও বেড়ে যায়। রোববার ইউক্রেইনের দ্বিতীয় বৃহত্তম শহর হারকিভে তীব্র লড়াই হয়েছে।
চার বছর আগে বিশ্বকাপের সবশেষ আসর বসেছিল রাশিয়াতেই। মস্কোর ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স।
এই বছরের শেষ দিকে কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপে ইউরোপ অঞ্চলের বাছাইপর্ব থেকে সরাসরি খেলার টিকেট পায়নি রাশিয়া। তবে এখনও সুযোগ আছে তাদের সামনে।
বাছাইয়ের প্লে-অফে সূচি অনুযায়ী আগামী ২৪ মার্চ পোল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলার কথা রাশিয়ার। ম্যাচটি রাশিয়া জিতলে সেখানেই ২৯ মার্চ সুইডেন অথবা চেক রিপাবলিকের মুখোমুখি হবে তারা। সেখানেও জিতলে মিলবে কাতারের টিকেট।
তবে ইউক্রেইনে হামলার পর শুরুতে রাশিয়ায় বাছাইয়ের ম্যাচ আয়োজনের বিপক্ষে একযোগে অবস্থান নেয় পোল্যান্ড, সুইডেন ও চেক রিপাবলিক। গত শুক্রবার উয়েফাও রাশিয়া ও ইউক্রেইনের ক্লাব ও জাতীয় দলকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের হোম ম্যাচগুলো ওই অঞ্চলের বাইরে নিরপেক্ষ ভেন্যুতে খেলার নির্দেশ দেয়।
তবে দুদিনের মধ্যে আরও কঠোর অবস্থান নিয়েছে পোল্যান্ড, সুইডেন ও চেক রিপাবলিক। এই তিন দেশের ফুটবল ফেডারেশন এরই মধ্যে জানিয়ে দিয়েছে, রাশিয়ার বিপক্ষে খেলবে না তারা। এমনকি সেটা নিরপেক্ষ ভেন্যুতেও নয়।
বাছাইয়ের ম্যাচ কোথায় হবে, রাশিয়া এর অংশ থাকতে পারবে কি-না, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অবশ্য বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফার ওপর নির্ভর করছে।
ফরাসি সংবাদমাধ্যম লে পারিসিয়েনের সঙ্গে আলাপচারিতায় রোববার এফএফএফ প্রেসিডেন্ট লু ঘায়েত বলেন, রাশিয়াকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হলে এর বিরোধিতা করবেন না তিনি।
“এই বিষয়ে আমি এখনও অন্যান্য ফেডারেশনের সঙ্গে আলোচনা করিনি। আগামী বিশ্বকাপ থেকে রাশিয়াকে বাদ দেওয়ার পক্ষে আমি। এটা আমার প্রথম ভাবনা।”
“আমি মনে করি, খেলাধুলা মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে এবং দুশ্চিন্তা কমায়। কিন্তু বিষয়টা অনেক দূর এগিয়ে গেছে। আর খেলাধুলার বিশ্ব, বিশেষ করে ফুটবল নিরপেক্ষ থাকতে পারে না। আমি অবশ্যই রাশিয়াকে বাদ দেওয়ার বিরোধিতা করব না।”
