রোমানকে হারিয়ে অলিম্পিক সোনাজয়ীর কাছে হারলেন রুবেল
কোয়ালিফিকেশন রাউন্ডে রোমান সানাকে পেছনে ফেলে আশা জাগালেন মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল। রিকার্ভ পুরুষ এককে মূল লড়াইয়েও জিতলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনিও বিদায় নিলেন রিও দে জেনেইরো অলিম্পিকে সোনা জয়ী দক্ষিণ কোরিয়া লি সিয়ুং উনের কাছে কোয়ার্টার-ফাইনালে হেরে।
রিকার্ভ মহিলা এককে হতাশ করেছেন দিয়া সিদ্দিকীও।
আর্মি স্টেডিয়ামে সোমবার এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপসের এলিমিনেশন রাউন্ড শুরু হয়। প্রথম রাউন্ডে বাই পাওয়া রোমান ৬-০ সেট পয়েন্টে ভিয়েতনামের প্রতিযোগীকে হারিয়ে ওঠেন শেষ ষোলোয়। উজবেকিস্তানের মিরজালোল কারোরভকে ৬-০ ব্যবধানে হারিয়ে রুবেল জায়গা করে নেন একই মঞ্চে।
দেশের তারকা আর্চারকে হারানোর তৃপ্তি নিয়ে কোয়ার্টার-ফাইনালে নিজেকে মেলে ধরতে পারেননি রুবেল। ৬-২ ব্যবধানে হেরে যান রিও দে জেনেইরো অলিম্পিকে রিকার্ভ দলগত বিভাগে সোনা জেতা দক্ষিণ কোরিয়ার লি সিয়ুংউনের কাছে।
এ ইভেন্টে বাংলাদেশের অন্য প্রতিযোগীর মধ্যে প্রথম রাউন্ডে বাই পাওয়া রামকৃষ্ণ সাহা ৬-৪ পয়েন্টে শ্রীলঙ্কার সুনেথ চান্দানাকে হারানোর পর কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে একই ব্যবধানে হেরে যান ভারতের সুশান্ত পার্থর কাছে। এ ধাপেই ৬-০ পয়েন্টের হারে থামে আরেক আর্চার আব্দুর রহমান আলিফের পথচলা।
“গত দিনের তুলনায় শুটিং ও টাইমিং ভালো হয়েছে। স্কোর তুলনা করলে অন্য কারো সঙ্গে পড়লে এই ম্যাচে জিতে যেতাম। রুবেল খুব ভালো খেলেছে। ওয়ার্ল্ড ক্লাস ম্যাচের মতো হয়েছে এটা। বড় মঞ্চে ফোকাস ছিল আমার ওপর, রুবেল অত্যন্ত ভালো মেরেছে। এতে দুঃখ নেই।”
সেমি-ফাইনালে ওঠার লক্ষ্য পূরণ না হলেও হতাশ নন রুবেল। দক্ষিণ কোরিয়ার আর্চারদের সঙ্গে নিজেদের পার্থক্যটা মনে করিয়ে দিলেন তিনি।
“এর আগে লির কাছে তিনবার হেরেছি। ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ও অলিম্পিক চ্যাম্পিয়ন। লক্ষ্য ছিল সেমি-ফাইনালে উঠব। কিন্তু উঠতে পারিনি। ব্যাডলাক।”
এ ইভেন্টে বাংলাদেশের অন্যান্য প্রতিযোগীর মধ্যে বিউটি রায় ৬-২ ব্যবধানে হেরে যান এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপেই। শ্রাবনী আক্তারের পথচলা থামে দ্বিতীয় রাউন্ডে ভারতের ঋদ্ধির কাছে ৬-০ পয়েন্টে হেরে।
