শ্রীলঙ্কার বিপক্ষে ‘দল হয়ে’ খেলার প্রত্যয় বাংলাদেশের
দারুণ আশা জাগিয়েও সিশেলসের বিপক্ষে ম্যাচে চাওয়ার সঙ্গে পাওয়ার হিসাব মেলেনি। তবে হোঁচট খাওয়ার শঙ্কা জাগলেও শক্তিশালী মালদ্বীপের বিপক্ষে ঠিকই পাওনাটা বুঝে নিতে পেরেছে বাংলাদেশ। জাতীয় ফুটবল দলের ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়ের মনে হচ্ছে, একটা দল হয়ে খেলতে পারার কারণেই মালদ্বীপের বিপক্ষে লক্ষ্যপূরণ হয়েছে। এখন তাদের লক্ষ্য ঐক্যবদ্ধ হয়ে খেলার ধারাবাহিকতা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে টেনে নেওয়া।
কলম্বোর রেসকোর্স মাঠে আগামী মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট বাংলাদেশের। দুই ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার পয়েন্ট ১।
শ্রীলঙ্কার এই আমন্ত্রণমূলক টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম চাওয়া ছিল সিশেলসকে হারানো। কিন্তু শুরুতে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ম্যাচটি হয়েছিল ড্র। শনিবার মালদ্বীপের বিপক্ষে শুরুতে এগিয়ে যাওয়ার পর ম্যাচে সমতা ফেরায় শঙ্কা জেগেছিল। কিন্তু ১৮ বছর পর দ্বীপ দেশটিকে ২-১ গোলে হারানোর তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। হৃদয়ের মতে, মালদ্বীপের বিপক্ষে দলের খেলায় ছিল ঐক্যের সুর।
“আলহামদুলিল্লাহ, গতকালের ম্যাচটা আমাদের জন্য জেতা খুব গুরুত্বপূর্ণ ছিল। যেহেতু অনেক বছর পর মালদ্বীপের বিপক্ষে জিতেছি….আল্লাহতালার কাছে এজন্য শুকরিয়া। আসলে পারফরম্যান্স বলতে….সবাই মাঠে একসঙ্গে একটা পরিবারের মতো খেললে আমাদের পারফরম্যান্স সবসময় ভালো হয়। যাকে টিম ওয়ার্ক বলে।”
“আসলে আমাদের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের দুটি ম্যাচ শেষ হয়েছে, সামনে তৃতীয় ম্যাচ, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জয়ের চেষ্টা করব। কোনো দলকেই ছোট করে দেখা ঠিক নয়, প্রমাণটা মাঠেই করতে হয়। তো আমরা সবাই যদি একসঙ্গে চেষ্টা করি, তাহলে ভালো কিছু হবে (শ্রীলঙ্কার বিপক্ষে)। হোম গ্রাউন্ড হিসাবে হয়তোবা কিছুটা সুবিধা শ্রীলঙ্কা পাবে। কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ভালো কিছু করার।”
সিশেলস ম্যাচে হৃদয় নেমেছিলেন বদলি হিসেবে। তরুণ এই ডিফেন্সিভ মিডফিল্ডার প্রথমবারের মতো সেরা একাদশে জায়গা পান মালদ্বীপের বিপক্ষে ম্যাচে। শুরুতে কিছুটা স্নায়ুর চাপে থাকলেও সতীর্থদের সহযোগিতায় তা কেটে যায় বলেও জানালেন বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায়।
সিশেলসের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পাননি রহমত মিয়া। এই ডিফেন্ডারকে মালদ্বীপ ম্যাচের সেরা একাদশে ফেরান অন্তর্বর্তীকালীন কোচ মারিও লেমোস। তবে রহমত নিজের সুযোগ পাওয়া নিয়ে খুব একটা ভাবছেন না। দলের জয়কে দিচ্ছেন প্রাধান্য। মালদ্বীপের বিপক্ষে আঁটসাঁট ফুটবল খেলতে পারায় তৃপ্ত রহমত।
“কোচ যাদের খেলাচ্ছেন, দলের ভালোর জন্য খেলাচ্ছেন। কে খেলছে, কে খেলছে না, তা নিয়ে কথা বলতে চাই না। আমরা ফল পেয়েছে। আমরা খুশি। প্রথম ম্যাচ খেলার পর দল একটু ক্লান্ত ছিল। মাঠ ভারী ছিল। বালুতে ভরা।”
“মালদ্বীপ ম্যাচের আগে নিজেরা বসেছিলাম। পরিকল্পনা ছিল, এই ম্যাচে নিজেদের শতভাগের বেশি দিতে হবে, কমপ্যাক্ট ফুটবল খেলতে হবে। সেই অনুযায়ী ফল পেয়েছি। বল পায়ে মালদ্বীপ ভালো। তাই চেষ্টা করেছি তাদের ব্লক করে আক্রমণে যাওয়ার। প্রথম দিনে পয়েন্ট হারিয়ে হতাশ ছিলাম আমরা। অফিসিয়ালরা সমর্থন দিয়েছে। সবকিছু ভুলে আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছি।”
