২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্টিস্টিক জিমন্যাস্টিকে বাংলাদেশের বনফুলির ব্রোঞ্জ

সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে আগের দিন দলগত ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনে বনফুলি চাকমার হাত ধরে এলো ব্যক্তিগত ইভেন্টের প্রথম পদক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2021, 09:13 PM

Updated : 02 Aug 2022, 06:31 PM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে হওয়া এই প্রতিযোগিতায় শুক্রবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়। মেয়েদের ব্যক্তিগত ভল্টিং টেবিল ইভেন্টে ১২.৪২ স্কোর গড়ে তৃতীয় হন বনফুলি।

দলীয় এবং ব্যক্তিগত মিলিয়ে এ নিয়ে দ্বিতীয় ব্রোঞ্জ পেল বাংলাদেশ। প্রথম দিনে পুরুষদের (জুনিয়র) অল অ্যারাউন্ড ইভেন্টের দলগত ব্রোঞ্জ জিতেছিলেন বাংলাদেশের চার প্রতিযোগী প্রেন্থই ম্রো, রাজিব চাকমা, সাজিদ হক ও আবু সাঈদ রাফি।

প্রথম দিনে চার ইভেন্টের সবগুলোতেই সেরা হয় উজবেকিস্তানের জিমন্যাস্টররা। দ্বিতীয় দিনেও আধিপত্য ধরে রাখে তারা। বনফুলির ইভেন্টে উজবেকিস্তানের মিরোশনিচেঙ্কো আনাস্তাসিয়া (১২.৮৮) সোনা এবং তার স্বদেশি  জুমাবোকোভা গুলনাজ (১২.৮১) রুপা জিতেছেন।

আনইভেন বারসের উজবেকিস্তানের আরিপোভা দিলদোরা (১২.১৬) প্রথম এবং তার স্বদেশি আনাস্তাসিয়া (১০.১৩) রুপা জিতেছেন। ব্রোঞ্জ পেয়েছেন ভারতের কারিশমা (৯.২০)।

ব্যালেন্স বিমে উজবেকিস্তানের আরিপোভা দিলদোরা (১২.১৩) সোনা, একই দলের খালিলোভা আমিনাখন (১১.১৬) রুপা এবং ভারতের সৌম্যশ্রী দাস (১০.৪০) ব্রোঞ্জ পেয়েছেন।

মেয়েদের ফ্লোর এক্সারসাইজে উজবেকিস্তানের আনাস্তাসিয়া (১২.৬৬) প্রথম হয়েছেন; তার স্বদেশি আমিনাখন (১২.৫০) রুপা ও ভারতের জিমন্যাস্ট কারিশমা (১১.১৬) পেয়েছেন ব্রোঞ্জ।

প্রথম সেশনে পুরুষ (সিনিয়র) বিভাগের অল অ্যারউন্ড ইভেন্টে দলগত এবং ব্যক্তিগত ইভেন্টে বাজিমাত করেছে উজবেকিস্তানের জিমন্যাস্টরা। দলগত ইভেন্টে ২২৯.৬৫ স্কোর গড়ে স্বর্ণ পেয়েছে তারা। ২২৫.৫০ স্কোর গড়ে ভারত রুপা ও ১৯৮.৯৫ স্কোর গড়ে শ্রীলংকা ব্রোঞ্জ পায়।

অল অ্যারাউন্ড ব্যক্তিগত ইভেন্টে ৭৭.৪৫ স্কোর গড়ে উজবেকিস্তানের জুরায়েভ উতকিরবেক সোনা, একই দেশের আজামত আসাদবেগ ৭৫.৩০ স্কোর করে রুপা পেয়েছেন। ভারতের ওমকার ঈশ্বর সিন্ধে (৭৪.৩৫) পেয়েছেন ব্রোঞ্জ।