হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন পেলে
বৃহদান্ত্র থেকে টিউমার অপসারণের অস্ত্রোপচারের প্রায় এক মাস পর হাসপাতাল থেকে বাড়ি ফিরতে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার পেলের মেয়ে কেলি বিষয়টি জানান। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে পেলেকে কবে বাড়ি নেওয়া হবে, সেটি অবশ্য নিশ্চিত করেননি তিনি। তবে স্থানীয় সংবাদমাধ্যম এস্তাদিও দে সাও পাওলোর খবর, সব ঠিক থাকলে বৃহস্পতিবার বাড়ি ফিরবেন ৮০ বছর বয়সী পেলে।
পেলের হাসপাতাল থাকাকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত পোস্ট করে তার বাবার শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়ে আসছেন কেলি। তার করা সবশেষ পোস্টে পেলেকে মেয়ের সঙ্গে হাস্যোজ্জল অবস্থায় কার্ড খেলতে ও গান গাইতে দেখা যায়।
শারীরিক কিছু সমস্যা দেখা দেওয়ায় চলতি মাসের শুরুতে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে নেওয়া হয়েছিল পেলেকে। সেখানেই তার বৃহদান্তে টিউমার ধরা পড়ে এবং এরপর অস্ত্রোপচার করা হয়।
এরপর থেকে কয়েক দফা তাকে জেনারেল রুম ও নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। সাম্প্রতিক সময়ে তাকে রাখা হয়েছিল একটি ব্যক্তিগত রুমে।
কোভিড-১৯ মহামারীর আগে থেকেই বাইরের ব্যস্ততা একরকম বন্ধই হয়ে গিয়েছিল একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ী এই মহাতারকার।
গত বছর তার ছেলে বলেছিলেন, তার বিখ্যাত বাবা বিষন্নতায় ভুগছেন, যদিও পেলে তা অস্বীকার করেছিলেন।
ব্রাজিল জাতীয় দল, সান্তোস ও নিউইয়র্ক কসমসে খেলাকালীন সময়ে খুব কম চোট পাওয়া পেলেকে এই বয়সে এসে বেশ ভুগতে হচ্ছে। বছরের পর বছর ধরে নিতম্বের সমস্যায় ভুগছেন এবং সাহায্য ছাড়া চলাফেরা করতে পারেন না তিনি।
ব্রাজিলের হয়ে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জেতা পেলে ৯২ ম্যাচে ৭৭ গোলে এখনও দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। চারটি বিশ্বকাপে গোল করা মাত্র চারজন খেলোয়াড়ের একজন তিনি।
