২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসুন্ধরা কিংসের কষ্টের জয়

শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ার পরের ম্যাচেই হোঁচট খেতে বসেছিল বসুন্ধরা কিংস। তবে শেষ দিকের গোলে কাঙ্ক্ষিত জয় নিয়েই মাঠ ছেড়েছে দলটি। অন্য ম্যাচে ওমর জোবের হ্যাটট্রিকে উত্তর বারিধারাকে উড়িয়ে দিয়ে দুই নম্বরে ফিরেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2021, 07:18 PM

Updated : 10 Oct 2022, 06:11 PM

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারায় বসুন্ধরা। ড্রয়ের দিকে এগুতে থাকা ম্যাচে শেষ দিকে ব্যবধান গড়ে দেন বদলি খেলোয়াড় বিপলু আহমেদ।

একই সময়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে বারিধারাকে ৫-১ গোলে হারায় শেখ জামাল। চার গোল করে জয়ের নায়ক জোবে, অন্য গোলটি করেন সুলাইমান সিল্লাহ।

Image
প্রিমিয়ার লিগ ফুটবলে উত্তর বারিধারা ক্লাবের বিপক্ষে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের গোল উদযাপন।

প্রিমিয়ার লিগ ফুটবলে উত্তর বারিধারা ক্লাবের বিপক্ষে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের গোল উদযাপন।

আগের ম্যাচে শেখ জামালকে হারিয়ে চার ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করে বসুন্ধরা। এদিন তাই একাদশে অনেক পরিবর্তন আনেন কোচ অস্কার ব্রুসন।

এর প্রভাব পড়ে খেলায়। পয়েন্ট তালিকার তলানির দলের বিপক্ষে মিলছিল না জালের দেখা। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের দুই মিনিট আগে জোনাথন দি সিলভেইরা ফের্নান্দেসের কাছ থেকে বল পেয়ে ব্যবধান গড়ে দেন বিপলু।

২১ ম্যাচে ১৯ জয় ও এক ড্রয়ে বসুন্ধরার পয়েন্ট ৫৮। এক ম্যাচ কম খেলে আবাহনীকে টপকে দুইয়ে ফিরেছে শেখ জামাল। ১২ জয় ও ছয় ড্রয়ে তাদের পয়েন্ট ৪২। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তিনে আবাহনী।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনটা ছিল গাম্বিয়ার ফরোয়ার্ড জোবের। ম্যাচের পঞ্চদশ মিনিটে সিল্লাহর বাড়ানো বলে শেখ জামালকে এগিয়ে নেন তিনি। আট মিনিট পর দ্বিগুণ করেন ব্যবধান।

Image
প্রিমিয়ার লিগ ফুটবলে উত্তর বারিধারা ক্লাবের বিপক্ষে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে একাই চার গোল করেছেন ওমর জোবে।

প্রিমিয়ার লিগ ফুটবলে উত্তর বারিধারা ক্লাবের বিপক্ষে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে একাই চার গোল করেছেন ওমর জোবে।

ম্যাচের ৩৩তম মিনিটে সুমন রেজার গোলে ব্যবধান কমায় বারিধারা।

৭০তম মিনিটে সিল্লাহ ব্যবধান বাড়ানোর চার মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করেন জোবে। ম্যাচের যোগ করা সময়ে আবারও স্কোরবোর্ডে নাম লেখান তিনি। শেষ তিন গোলে ছিল তার স্বদেশি সলোমন কিংয়ের সহায়তা।

আসরে জোবের গোল হলো ২০টি, তালিকার শীর্ষে তিনি। ১৯ গোল নিয়ে তার পরেই আছেন বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দি সিলভা রবিনিয়ো।

২০ ম্যাচে তিন জয় ও সাত ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে ১৩ দলের তালিকায় দশম স্থানে বারিধারা। সমান ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে তলানিতে আরামবাগ।