চ্যাম্পিয়নশিপ লিগ: দাপুটে জয় স্বাধীনতা ক্রীড়া সংঘের
দ্বিতীয়ার্ধে একের পর এক গোল করে সহজ জয় তুলে নিল স্বাধীনতা ক্রীড়া সংঘ। নোফেল স্পোর্টিংকে পেছনে ফেলে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের টেবিলে শীর্ষেও ফিরল তারা।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বুধবার ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে হারায় স্বাধীনতা। ৫৭তম মিনিটে শাকিল দলকে এগিয়ে নেওয়ার পর ৬২তম মিনিট ব্যবধান দ্বিগুণ করেন ইমন। ৭১তম মিনিটে দলকে তৃতীয় গোল এনে দেন আবু বকর।
প্রিমিয়ার লিগে ওঠার এই প্রতিযোগিতার দ্বিতীয় লেগে জয়ে শুরু পাওয়া স্বাধীনতা ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে নোফেল স্পোর্টিং।
দিনের অন্য ম্যাচে অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টস ক্লাবকে ৩-১ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স। চতুর্দশ মিনিটে শাওনের গোলে দলটি এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন মোস্তাকিম। ৬৬তম মিনিটে ব্যবধান আরও বাড়ান সাকিব। পেনাল্টি থেকে ৭৭তম মিনিটে ব্যবধান কমানো একমাত্র গোলটি করেন অগ্রণীর শাখাওয়াত।
দুই লেগ মিলিয়ে টানা তৃতীয় জয় পাওয়া ওয়ান্ডারার্স ১৮ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। ১৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অগ্রণী ব্যাংক।
আগের দিন ফর্টিস ফুটবল একাডেমি ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের ম্যাচটি হয়েছিল গোলশূন্য ড্র।
