ইন্টারের বিপক্ষে অনিশ্চিত রিয়ালের ভাসকেস
রাইট-ব্যাক নিয়ে সমস্যা যেন শেষ হচ্ছে না রিয়াল মাদ্রিদের। চলতি মৌসুমে এই পজিশনে খেলা সবশেষ খেলোয়াড় হিসেবে চোট পেয়েছেন লুকাস ভাসকেস। চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে তার খেলা নিয়ে জেগেছে শঙ্কা।
আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে শনিবার লা লিগায় ওয়েস্কার বিপক্ষে ৪-১ গোলে জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে পেশির সমস্যায় মাঠ ছাড়েন ভাসকেস। তার জায়গায় নামেন ফরাসি লেফট-ব্যাক ফেরলঁদ মঁদি।
পরীক্ষার পর ভাসকেসের চোট নিয়ে বিস্তারিত জানা যাবে। মূলত ফরোয়ার্ড হলেও তাকে রাইট-ব্যাক হিসেবে খেলাচ্ছিলেন কোচ জিনেদিন জিদান। চোটের কারণে আগে থেকে মাঠের বাইরে আছেন রাইট-ব্যাক দানি কারভাহাল, আলভারো ওদ্রিওসোলা ও সেন্টার-ব্যাক নাচো।
এই পজিশনে জিদানের হাতে এখন বিকল্প খুব কম। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে ভাসকেস খেলতে না পারলে রাইট-ব্যাক হিসেবে খেলানো হতে পারে মঁদিকে।
