২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলোয়াড়দের কথা কেউ ভাবছে না: গুয়ার্দিওলা

করোনাভাইরাস বিরতির পর ঠাসা সূচিতে গত মৌসুম শেষের পর নতুন মৌসুমও সেভাবেই এগোচ্ছে। এর বিরূপ প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে। দলের কয়েক জন খেলোয়াড় চোটে পড়ায় ব্যস্ত সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা। অভিযোগ তুলেছেন, ফুটবল কর্তৃপক্ষ সবসময় নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত এবং খেলোয়াড়দের ভালোর বিষয়ে তারা একেবারেই ভাবে না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2020, 04:42 PM

Updated : 10 Oct 2022, 07:25 PM

স্পেন, ইতালি ও জার্মানির তুলনায় ইংলিশ ফুটবলে টুর্নামেন্ট একটি বেশি হওয়ায় এমনিতেই দেশটির দলগুলোকে খেলতে হয় বেশি ম্যাচ। কোভিড-১৯ মহামারীর কারণে মৌসুম দেরিতে শুরু হওয়ায় সেই ব্যস্ততা বাড়িয়ে দিয়েছে আরও।

অগাস্টের মাঝামাঝি চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে গত মৌসুম শেষ করা সিটি প্রিমিয়ার লিগ দিয়ে আবার মাঠে ফেরে গত সোমবার। আসরে দ্বিতীয় ম্যাচে রোববার নিজেদের মাঠে তাদের প্রতিপক্ষ লেস্টার সিটি।

চোট আর অসুস্থতার কারণে এই ম্যাচে অনেক খেলোয়াড়কে পাচ্ছেন না গুয়ার্দিওলা। পেশির চোটের কারণে সবশেষ এই তালিকায় যুক্ত হয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস। এছাড়া চোটের কারণে দলের বাইরে আছেন অলেকসান্দার জিনচেঙ্কো, সের্হিও আগুয়েরো, বের্নার্দো সিলভা ও জোয়াও কানসেলো। কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়ে সেলফ-আইসোলেশনে আছেন ইলকাই গিনদোয়ান। করোনাভাইরাস থেকে সেরে উঠে সম্প্রতি অনুশীলনে যোগ দিয়েছেন এমেরিক লাপোর্ত।

Image
ছবি: ম্যানচেস্টার সিটি

ছবি: ম্যানচেস্টার সিটি

গুয়ার্দিওলার দাবি, শুধু সিটি নয়, সব দলেই রয়েছে এই সমস্যা। রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় লেষ্টার সিটির মুখোমুখি হবে গুয়ার্দিওলার দল। আগের দিন সংবাদ সম্মেলনে ফুটবল কর্তৃপক্ষকে দুষলেন কাতালান এই কোচ।

“এটাই বাস্তবতা। কেবল সিটিতেই নয়, এই চিত্র প্রতিটা ক্লাব ও দেশে। ফুটবলারদের কথা কেউ ভাবে না। প্রিমিয়ার লিগ, উয়েফা, ইএফএল-সবাই নিজেদের ব্যবসা ও অবস্থান সামলাতে ব্যস্ত।”

“প্রাক মৌসুমে খেলোয়াড়দের হাতে সময় ছিল দুই সপ্তাহ। এখন আগামী ১১ মাস ধরে তাদের প্রতি তিন দিন পর পর ম্যাচ খেলতে হবে…বুঝতে পারছি, সবার জন্যই সময়টা অন্যরকম।”

নিজ দলের চিত্র তুলে ধরতে গিয়ে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক এই কোচ বলেন, খেলোয়াড়রা যন্ত্র নয়।

“সবাই লড়াই করছে…আমরা যা করছি তাতে বিশ্বাস রাখতে হবে, চেষ্টা করতে হবে এবং ভালো খেলতে হবে। আমাদের তিন জন খেলোয়াড় জাতীয় দল থেকে চোট নিয়ে ফিরেছে…চার দিনে তাদের দুটি ম্যাচ খেলতে হয়েছে কোনো প্রস্তুতি ছাড়াই। তারা যন্ত্র নয়।”

লেস্টার ম্যাচের পর আগামী বুধবার লিগ কাপে বার্নলির বিপক্ষে খেলবে সিটি। এরপর আগামী শনিবার আবার প্রিমিয়ার লিগে তাদের প্রতিপক্ষ লিডস ইউনাইটেড।