করোনার প্রাদুর্ভাবের মাঝে ফুটবল ফেরানোর দাবি
ইউরোপে করোনাভাইরাসের প্রাদুর্ভা্ব কমতে থাকায় সেখানে মাঠে ফিরেছে ফুটবল। মার্চে স্থগিত হয়ে যাওয়া অনেক লিগ শুরু হয়েছে পুনরায়। ফিফা ও এএফসির প্রতিযোগিতাগুলোও নতুন শুরুর অপেক্ষায়। এসবের মাঝে আশাবাদী হয়ে উঠেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়রা। দেশের কোভিড-১৯ মহামারী পরিস্থিতি যদিও দিনে দিনে খারাপ হচ্ছে, তারপরও লিগের নতুন মৌসুম দ্রুত শুরুর তাগিদ দিয়েছেন তারা।
গত ৮ মার্চ, বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। শুরুর দিকে শনাক্তের হার ছিল বেশ কম, তারপরও সতর্কতার অংশ হিসেবে ওই মাসেই বন্ধ করে দেওয়া হয় দেশের সব ধরনের খেলাধুলা। পরে সংক্রমণ বাড়তে থাকায় স্থগিত থাকা লিগ গত ১৭ই মে বাতিল করে দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাতিল হয়ে যায় ২০১৯-২০ মৌসুমের স্বাধীনতা কাপও।
শুক্রবার আরও ৪৫ জনের মৃত্যুর খবর দেয় কর্তৃপক্ষ। এই নিয়ে বাংলাদেশে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৩৮৮ জন। এমন কঠিন সময়ের মাঝেই দ্রুত নতুন মৌসুম শুরুর তাগিদ দিলেন কয়েকজন ফুটবলার।
শুক্রবার ভিডিও বার্তায় বাফুফেকে দ্রুত নতুন মৌসুম ও লিগ শুরুর আহ্বান জানান গত লিগে আবাহনী লিমিটেডে খেলা মিডফিল্ডার সোহেল রানা ও শেখ রাসের ক্রীড়া চক্রে খেলা মোহাম্মদ আব্দুল্লাহ।
খেলোয়াড়দের মানসিকভাবে চাপমুক্ত রাখতে দ্রুত লিগ শুরুর প্রয়োজনীয়তা দেখছেন জাতীয় দলের মিডফিল্ডার সোহেল।
“আমরা বাফুফের কাছে অনুরোধ করব পরবর্তী বছরের লিগটা যেন তাড়াতাড়ি শুরু হয়। এটা আমাদের ফুটবলারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু লিগ খেলে আমাদের পরিবার চলে। বাফুফে যদি তাড়াতাড়ি পরবর্তী মৌসুমে লিগটা শুরুর সিদ্ধান্ত দেয়, তাহলে সবাই মানসিকভাবে ফ্রি থাকতে পারবে।”
ক্লাব ও খেলোয়াড়দের লাভের জন্য দ্রুত লিগ শুরুর দাবি করেন আব্দুল্লাহ। সব পক্ষের সঙ্গে বসে সিদ্ধান্ত দ্রুত নেওয়ার আহ্বানও জানিয়েছেন ২৩ বছর বয়সী এই খেলোয়াড়।
“আমরা সবাই চাই, যত তাড়াতাড়ি যেন লিগটা শুরু হয়। এভাবে ঘরে থেকে আমরা ফিটনেস পুরোপুরি ধরে রাখতে পারব না। লিগটা শুরু হলে খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতা বেড়ে যায়, যেটা জাতীয় দলের জন্যও ভালো হবে।”
“লিগ চললে খেলোয়াড়রাও ইতিবাচক থাকে। ক্লাব ও ফুটবলার, উভয়পক্ষের ভালো হবে। কারো ক্ষতি হবে না। আমার একটাই চাওয়া, বাফুফে যেন সবাইকে নিয়ে বসে ভালো একটা সিদ্ধান্ত নেয়। প্লেয়ার ও ক্লাবের জন্য ইতিবাচক হয়। লিগটা যত দ্রুত হয় ভালো। বেশি দেরি হয়ে গেলে এটা নেতিবাচক হবে আমাদের জন্য।”
