‘সবসময় মেসিকে জিজ্ঞাসা করে দল সাজাতাম’
অনেকের মতে আফ্রিকার ইতিহাসের সেরা ফুটবলার সামুয়েল এতো। এই ফরোয়ার্ডের শুরুটা হয়েছিল রিয়াল মাদ্রিদে। তবে সেসময়ের তারকাসমৃদ্ধ দলটিতে সুযোগ না পেয়ে পাড়ি জমান অন্যত্র। পরে বার্সেলোনার জার্সিতে হয়ে ওঠেন তারকা; জেতেন দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লা লিগাসহ অনেক শিরোপা। ইন্টার মিলানেও পেয়েছেন ইউরোপ সেরা হওয়ার স্বাদ।
দেশের হয়েও সাফল্যের কমতি নেই ক্যামেরুনের এই স্ট্রাইকারের। ২০০০ সালে জিতেছিলেন অলিম্পিক সোনা, একই বছর আফ্রিকান কাপ অব নেশন্স জয়ী দলেও ছিলেন তিনি। ২০০২ সালেও মহাদেশ সেরার ট্রফি জেতা এতো কাতার স্পোর্টস ক্লাবে এক মৌসুম খেলে গত বছর সেপ্টেম্বরে সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন।
আগামী বিশ্বকাপের স্বাগতিক কাতার ও ইতালির শহর মিলান-মূলত এই দুই জায়গাতেই এখন তার বসবাস। কাটাচ্ছেন অবসর সময়, ভাবছেন ভবিষ্যত নিয়ে। মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে, ফেলে আসা ফুটবল জীবন, সাফল্য-ব্যর্থতা, সাবেক ক্লাব বার্সেলোনা-ইন্টারের প্রতি ভালোলাগা আবার রিয়ালে সুযোগ না পাওয়ার একটু হতাশা-এমন নানা বিষয় নিয়ে কথা বললেন চারবার আফ্রিকান ‘প্লেয়ার অব দা ইয়ার’-এর পুরস্কার জেতা সাবেক এই ফুটবলার। এর উল্লেখযোগ্য অংশ তুলে ধরা হলো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য।
দোহায় সম্প্রতি তৈরি হওয়া নতুন স্টেডিয়াম দেখতে গিয়েছিলেন?
এতো: যখন এটা তৈরি হচ্ছিল, তখন দেখতে গিয়েছিলাম। বেশ কিছুদিন ধরে বাড়িতেই আছি। শুধু ছবি দেখতে পেরেছি, আর ওই ছবি দেখে আবারও আমার বুটজোড়া পরে মাঠে নামতে ইচ্ছে করছে। যদিও আমার বাগানে পাঁচ মিনিটও টিকব না। তাই ঘরে বসেই উপভোগ করব আর সমর্থক হিসেবে উপভোগ করব।
সুযোগ-সুবিধার দিক থেকে এটা কি সেরা বিশ্বকাপ হতে যাচ্ছে?
এতো: অবকাঠামোর দিক থেকে, এটা সেরা বিশ্বকাপ হতে যাচ্ছে। অনেকেই কাতার বিশ্বকাপের স্বাগতিক হওয়ায় সমালোচনা করেছিল; কিন্তু আমি মনে করি, ২০২২ বিশ্বকাপ আগামী ৫০ বা ১০০ বছরের মধ্যে সবচেয়ে গোছানো বিশ্বকাপ হবে।
স্পেনে ফুটবল ফিরছে। আপনার কি মনে হয়, এবারের লা লিগার শেষটা কেমন হবে?
এতো: সবসময়ের মতো, বার্সেলোনা জিতলে আমি খুশি। আমি জানি, শিগগির মায়োর্কা ও বার্সেলোনা মুখোমুখি হতে যাচ্ছে, আমার প্রাণের দুটি দল। সেখানে আমি থাকতে পারব না; তবে টিভিতে দেখব এবং দুই দলকেই সমর্থন দিব। (২০০০-২০০৪ সাল পর্যন্ত মায়োর্কায় এবং ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত বার্সেলোনায় খেলেছিলেন এতো)
রিয়াল সমর্থক হয়ে বেড়ে উঠে বার্সা সমর্থক হয়ে গেছেন আপনি, তাই না?
এতো: রিয়াল মাদ্রিদের সঙ্গে আমার কোনো সমস্যা নেই। তারা আমাকে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছিল। আমি অন্য দলে সাফল্য পেয়েছি আর বার্সা সমর্থকের অনুভূতি জন্ম নিয়েছে।
আমার মধ্যে এমন অনুভূতি জন্মানোয় যারা সাহায্য করেছে, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। বার্সেলোনায় যে পাঁচ-ছয় বছর কাটিয়েছি, আমি কখনও ভুলব না। প্রথম দুই-তিন বছর তো আমরা প্লেস্টেশনের মতো ফুটবল খেলেছিলাম।
সেখানে আমরা কয়েক জন বন্ধু ছিলাম, যারা মাঠে ও মাঠের বাইরে ভালো সময় উপভোগ করতে চাইতাম। ওইরকম মানসম্পন্ন একটা দল থাকলে, সাফল্য নিশ্চিত।
বার্সেলোনায় কবে ফিরবেন, কি পদে?
এতো: আমার স্বপ্ন আছে ফেরার। কিন্তু এখন আমি মাত্র ক্যারিয়ার শেষ করলাম। পরিবারের সঙ্গে লম্বা ছুটি কাটাচ্ছি, প্রস্তুত হচ্ছি ভবিষ্যৎ জীবনের জন্য।
কোচ হিসেবে কোথায় শুরু করবেন?
এতো: আগামী এক বছরের মধ্যে আমি কি করব, জানি না। আমি শুধু আগামীকালকের কথাই ভাবতে পারছি, আমার মেয়ের হোমওয়ার্ক শেষ করার কথা। কারণ, এগুলো করার সুযোগ আগে কখনও পাইনি আমি।
(ফুটবল থেকে) আমি এখন একটু বিচ্ছিন্ন আছি। আমার ভাবনায় এখন শুধুই আমার পরিবার। আর তাই, ভবিষ্যতের জন্য আমি শান্ত, স্থিরভাবে প্রস্তুত হতে পারব।
এতো: এটা স্বাভাবিক ব্যাপার। লিও বিশ্বের সেরা ফুটবলার, সবসময়ের সেরা। আমি থাকলে সবসময় মেসিকে জিজ্ঞাসা করে দল সাজাতাম; যেমন, দলে সে তার পাশে কাকে চায়।
বিশ্বের সব দল মেসিকে চায়। তাহলে, তাকে তেমন সমর্থনও দিতে হবে। সে আর ২৫ বছরের একজনের মতো দৌড়াতে পারবে না, এখনও যদিও মাধেমধ্যে সে তেমনই করে থাকে।
তাকে বিশ্বের সেরা দলটা দিতে হবে, যেন সে নিজেকে উপভোগ করে যেতে পারে।
আপনি আগে বলেছেন যে পেপকে (গুয়ার্দিওলা) কোচ হিসেবে খুব পছন্দ করেন, কিন্তু ব্যক্তি হিসেবে নয়। আসলে কি বোঝাতে চেয়েছেন?
এতো: এ বিষয়ে আমার মত এখনও তাই। আর এমনটা বলার ক্ষেত্রে আমি একা নই। বার্সেলোনায় পেপের সঙ্গে আমার অভিজ্ঞতা যেমনই ছিল, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে তেমনটা ছিল না, যা আমরা প্রত্যাশা করি।
তার সম্পর্কে অনেক খেলোয়াড়ই এমন বলেছে। একজন কোচ হিসেবে, পেপ যেভাবে ম্যাচের প্রস্তুতি নেয়, আর কেউ তা পারে না। ২০০৯ সালে তিনি যেভাবে আমাদের কোচিং করিয়েছিলেন, তা অবিশ্বাস্য। আক্রমণাত্মক ফুটবল, খেলায় আধিপত্য করা, বলের দখল রাখা-এসব পেপ যেমন বুঝতেন, তা অসাধারণ। এ কাজে পেপ সেরা।
একজন ফুটবলার হিসেবে, আপনার মনে হবে যেন, আপনি খুব বেশি দৌড়াচ্ছেন না, যদিও আপনি অনেক দৌড়াচ্ছেন- এর অর্থ হলো, আপনি ফুটবল উপভোগ করছেন। আমাদের মতো যারা ফুটবল ভালোবাসে, ভালো ফুটবল, তাদের এটা বিশেষ কৌশল।
আমার কাছে, ফুটবল হলো থিয়েটারে বসে তিকিতাকা দেখার মতো; বল পাস দেওয়া। জেতার জন্য এটাই একমাত্র উপায় নয়, কিন্তু এটা বিশেষ কিছু। এটা পেপের কৌশল।
আপনার কি মনে হয়, চাভির এখনই বার্সেলোনার দায়িত্ব নেওয়া উচিত?
এতো: আমি এরই মধ্যে চাভিকে বলেছি, খুব বেশি দিন আগের কথা নয়: ‘মেসি থাকতেই তোমার বার্সেলোনায় ফেরা উচিত’, কারণ তাকে নিয়ে ওর কাজটা সহজতর হবে।
চাভি একজন সহজাত নেতা, যে জানে আবেগকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। এর চেয়ে বড় কথা হলো, সে মানুষ হিসেবে খুব ভালো। সে ফুটবল বোঝে এবং আমি জোর দিয়ে বলব, ‘তোমাকে যেতে হবে এবং মেসি থাকা অবস্থায় ওকে নিয়ে কিছু একটা করতে হবে।’
এতো: পুরস্কারটা জিততে না পারায় আমার কখনোই রাগ হয় না। কারণ, বিষয়টা মানুষের মতামতের। তবে আন্দ্রেস এটা কখনও না জেতাটা আমার জন্য হতাশাজনক।
আমি যখন বার্সেলোনায় এসেছিলাম, আমাকে প্রশ্ন করা হয়েছিল, কোন খেলোয়াড় আমার নজর কেড়েছে। জবাবে আমি বলেছিলাম, ইনিয়েস্তা। রুমে ৭০-৮০ জনের মতো সাংবাদিক ছিল, তারা এমনভাবে তাকিয়েছিল যেন আমি পাগল। কয়েক বছর পর অবশ্য প্রমাণ হয়েছিল যে, আমি ঠিক ছিলাম।
সব কোচদের মধ্যে জোসে মরিনিয়োই কি আপনাকে সবচেয়ে ভালো বোঝেন?
এতো: জোসে প্রথমত একজন বন্ধু। তিনি সৎ মানুষ। তার কিছু পছন্দ না হলে, মুখের ওপর বলে দেবে। আমরা দুজনই দৃঢ় মানসিকতার এবং আমরা একে অপরকে ভালো বুঝি।
ফুটবলে যে কজন ভালো মানুষ আমি পেয়েছি, তিনি তাদের একজন। মানুষ তাকে বিতর্কিত একজন হিসেবে উপস্থাপন করতে চায়, কিন্তু সেটা ঠিক নয়।
মরিনিয়ো অসাধারণ একজন মানুষ। আরেকটি বিষয় হলো, তার কাছে ম্যাচের ফলটাই গুরুত্বপূর্ণ। ফুটবলে এটাই তার দর্শন। এই বিচারে তিনিই নাম্বার ওয়ান। তার খেলায় তাকে হারানো অসম্ভব।
তিনি বিজয়ী, জাত নেতা।
