২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাভাস রিয়াল মাদ্রিদ ‘কিংবদন্তি’

রিয়াল মাদ্রিদের ইতিহাস গড়া হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের সদস্য তিনি। লা লিগার সফলতম ক্লাবটির আরও অনেক সাফল্য অর্জনে আছে তার গুরুত্বপূর্ণ ভূমিকা। সান্তিয়াগো বের্নাবেউয়ে দুর্দান্ত সময় পার করা কেইলর নাভাসকে তাই অনেক উঁচুতে রাখতে চান দলটির সাবেক ফরোয়ার্ড ফের্নান্দো মরিয়েন্তেস। তার মতে, রিয়াল মাদ্রিদ কিংবদন্তি হিসেবে পরিচিতি পাওয়ার দাবিদার কোস্টা রিকার এই গোলরক্ষক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2020, 06:19 PM

Updated : 25 Jul 2022, 07:03 PM

২০১৪ সালে মাদ্রিদের ক্লাবটিতে যোগ দেওয়া নাভাস ইকের কাসিয়াসের বিদায়ের পর দলটির প্রথম পছন্দের গোলরক্ষক হয়ে ওঠেন। দলটিতে পাঁচ মৌসুম কাটিয়ে জেতেন একটি লা-লিগা ও তিনটি চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপা।

২০১৯ সালের সেপ্টেম্বরে পিএসজির সঙ্গে চার বছরের চুক্তি করা নাভাসকে রিয়ালের ইতিহাসের অন্যতম সেরা গোলকিপার মনে করেন মরিয়েন্তেস।

ইএসপিএনকে বুধবার দেওয়া সাক্ষাৎকারে ১৯৯৭ থেকে ২০০৪ সাল পর্যন্ত রিয়ালের হয়ে খেলা এই ফরোয়ার্ড প্রশংসায় ভাসিয়েছেন নাভাসকে।

“সবশেষে আমি বলব, সে (কেইলর নাভাস) রিয়াল মাদ্রিদের একজন কিংবদন্তি। তার মতো একজন খেলোয়াড় নিঃসন্দেহে কিংবদন্তিদের কাতারে থাকবে, যে রিয়াল মাদ্রিদের দুর্দান্ত এক অধ্যায়ের অংশ ছিল।”

“কেইলর নাভাস আমাদের ইতিহাসের অন্যতম সেরা গোলকিপার ইকের কাসিয়াসের বদলি হিসেবে এসেছিল। ধীরে ধীরে সে সব সমর্থকের সম্মান অর্জন করেছিল। বের্নাবেউয়ের ইতিহাসের দারুণ কিছু সাফল্যের ফল নির্ধারকও ছিল সে।”