২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোল পাওয়া নিয়ে চিন্তিত ছিলেন না বাংলাদেশ কোচ

গ্রুপ পর্বে গোল পেতে এতটা অপেক্ষার প্রহর গুণতে হয়নি বাংলাদেশকে। কিরগিজস্তানের বিপক্ষে গোল মিলেছিল প্রথম মিনিটেই। সংযুক্ত আরব আমিরাত ম্যাচে দ্বাদশ মিনিটে। সেমি-ফাইনালে কাঙিক্ষত গোল এলো প্রথমার্ধের যোগ করা সময়ে। মঙ্গোলিয়াকে হারানোর পর কোচ গোলাম রব্বানী ছোটন জানালেন গোল পাওয়া নিয়ে চিন্তিত ছিলেন না তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2019, 09:41 PM

Updated : 08 Apr 2022, 04:07 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ ইন্টারন্যাশনাল গোল্ড কাপের দ্বিতীয় সেমি-ফাইনালে মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ। প্রথমার্ধের যোগ করা সময়ে দারুণ ভলিতে মনিকা চাকমা দলকে এগিয়ে নেওয়ার পর ৬৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্জিয়া। শেষ দিকে দলের জয় নিশ্চিত করেন তহুরা খাতুন।

শুরুর দিকে সাজেদা খাতুন গোলের একাধিক সুযোগ মিস করেছেন। সানজিদা আক্তারের শট ফিরেছে পোস্টে। মার্জিয়া-মারিয়া মান্ডার প্রচেষ্টাও খুঁজে পাচ্ছিল না ঠিকানা। সংবাদ সম্মেলনে রব্বানী জানালেন গোল পাওয়া নিয়ে বিশ্বাস ছিল তার।

“শুরু থেকেই ওরা ম্যাচটাকে ড্রয়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তাই রক্ষণাত্মক খেলা শুরু করে। তো আমি যতটুকু বুঝি, যে দল যত নিচে নেমে খেলতে থাকবে, তারা একটা না একটা সময় গোল খাবেই। তাই গোল পাওয়ার বিশ্বাস ছিল আমার।”

“আমরা শুরু থেকে আক্রমণাত্মক খেলেছি। শুরুতে এগিয়ে যেতে পারতাম কিন্তু তা হয়নি। প্রথমার্ধের ভুলগুলো দ্বিতীয়ার্ধে মেয়েরা করেনি বলেই খেলা ভালো হয়েছে এবং গোলও পাওয়া গেছে। দলের দ্বিতীয়ার্ধের খেলায় আমি বেশি খুশি।”

দুই নির্ভরযোগ্য ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না ও কৃষ্ণা রানী সরকারের জায়গায় খেলতে নামেন সাজেদা ও মার্জিয়া। সাজেদা শুরুর একাদশে ফিরে দলের সঙ্গে সেভাবে মানিয়ে নিতে পারেননি। মার্জিয়া প্রত্যাশা পূরণ করেছেন। বদলি নামা তহুরা খাতুনও পেয়েছেন জালের দেখা। শিষ্যদের খেলায় খুশি রব্বানী আলাদাভাবে প্রশংসা করলেন ম্যাচের সেরা খেলোয়াড় হওয়া মনিকার।

“ফাইনালে ওঠার লক্ষ্য পূরণ হয়েছে। মেয়েরা পুরোটা ম্যাচ ভালো খেলার চেষ্টা করেছে। তাদেরকে ধন্যবাদ। আমি আগেও বলেছি শুরুর একাদশের খেলোয়াড়দের সঙ্গে বেঞ্চের খেলোয়াড়দের ব্যবধান উনিশ-বিশ। আমার বিশ্বাস ছিল তহুরা-সাজেদা-মার্জিয়ারা পারবে। মনিকা তো দুর্দান্ত গোল করেছে।”

ম্যাচসেরা মনিকাও খুশি দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সে, “আমরা আত্মবিশ্বাস নিয়ে নেমেছিলাম। কিছু ভুলের কারণে শুরুর দিকে আমরা গোল পাইনি। দ্বিতীয়ার্ধে সেই ভুলগুলো করিনি বলে গোল পেয়েছি।”

আগামী শুক্রবার শিরোপা লড়াইয়ে প্রথম সেমি-ফাইনালে কিরগিজস্তানকে ৭-১ গোলে হারানো লাওসের মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশকে এগিয়ে রাখলেন সেমি-ফাইনাল থেকে বিদায় নেওয়া মঙ্গোলিয়া কোচ কাওয়োতো নাকামোতো।

“প্রথমার্ধে আমরা রক্ষণে ভালো করেছিলাম। কিন্তু শেষ দিকে দুর্ভাগ্যজনকভাবে একটা গোল খেয়েছি। বাংলাদেশ ভালো এবং শক্তিশালী দল।”