২০২৩ পর্যন্ত বার্সায় বুসকেতস
বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করেছেন সের্হিও বুসকেতস। এই চুক্তি অনুযায়ী, ২০২৩ সাল পর্যন্ত কাম্প নউয়ে থাকবেন স্প্যানিশ এই মিডফিন্ডার।
নতুন চুক্তিতে বুসকেতসের রিলিজ ক্লজ ৫০ কোটি ইউরো ধরা হয়েছে বলে বৃহস্পতিবার ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়।
২০০৮ সালে বার্সেলোনার মূল দলে অভিষেক হয় বুসকেতসের। কাতালান দলটির হয়ে সাতটি লা লিগা, ছয়টি কোপা দেল রে ও তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন ৩০ বছর বয়সী এই ফুটবলার।
২০১০ সালে স্পেনের বিশ্বকাপ জয়ী দলের সদস্য বুসকেতস দুই বছর পর দেশকে ইউরো জেতাতেও ভূমিকা রাখেন। বার্সেলোনায় তার আগের চুক্তির মেয়াদ ছিল ২০২১ সাল পর্যন্ত।
