২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দল থেকে পোডলস্কির অবসর

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জার্মানির ফরোয়ার্ড লুকাস পোডলস্কি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2016, 02:12 PM

Updated : 12 Apr 2022, 02:40 AM

তুরস্কের ক্লাব গালাতাসারাইতে খেলা পোডলস্কি গত বছরেই জানিয়েছিলেন, ২০১৬ ইউরো খেলে জাতীয় দলকে বিদায় বলে দেবেন।

ফ্রান্সে হওয়া ইউরোতে ইওয়াখিম লুভের দলে ছিলেন ৩১ বছর বয়সী পোডলস্কি। তবে একটি মাত্র ম্যাচ খেলেন তিনি। স্লোভাকিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের সেই ম্যাচে ৩-০ গোলে জিতেছিল জার্মানি।

স্বাগতিক ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে ইউরোর সেমি-ফাইনাল থেকে ছিটকে পড়েছিল জার্মানি।

দেশের হয়ে ২০১৪ বিশ্বকাপ জেতা পোডলস্কি অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমে বলেন, “শিগগিরই আবার মৌসুম আর ম্যাচগুলো শুরু হওয়ার আগে আমি আপনাদের (সমর্থকদের) কিছু বলতে চাই; জাতীয় দলের কোচকে আমি বলে দিয়েছি যে এখন থেকে আমি আর জাতীয় দলে খেলব না।”

পরিবারকে আরও বেশি সময় দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান পোডলস্কি।

২০০৪ সালে হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় পোডলস্কির। সব মিলিয়ে জার্মানির হয়ে ১২৯ ম্যাচ খেলে ৪৮টি গোল করেন তিনি।