শোয়াইনস্টাইগারকে অবসরের পরামর্শ বালাকের
ইউরোর সেমি-ফাইনাল থেকে ছিটকে পড়া জার্মানির অধিনায়ক বাস্টিয়ান শোয়াইনস্টাইগারকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক তারকা মাইকেল বালাক।
পুরোপুরি ‘ফিট’ না থাকার কারণে এবারের ইউরোতে জার্মানির খেলা ৬ ম্যাচের মধ্যে কেবল একটিতেই শুরুর একাদশে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার শোয়াইনস্টাইগার।
জার্মানির সাবেক প্লেমেকার বালাক বলেন, “আমি মনে করি, এটা তার জন্য অবসর নেওয়ার ভালো সময়। আমি জানি, সে মারাত্মক উচ্চাভিলাষী। কিন্তু আপনি যদি তাকে সবশেষ দুই বছরে দেখে থাকেন, তাহলে সত্যিকার অর্থেই আপনাকে বলতে হবে যে তার অনেক চোট আর শারীরিক অবস্থা নিয়ে আমি উদ্বিগ্ন।”
দুই বছর পর রাশিয়াতে হতে যাচ্ছে পরবর্তী বিশ্বকাপ। ৩১ বছর বয়সী শোয়াইনস্টাইগার হয়ত সেখানে খেলতে চাইবেন। তবে বালাক তাকে ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিতে বলেন।
“আমি তাকে এই পদক্ষেপ নিয়ে সতর্কভাবে ভাবার পরামর্শ দিতে চাইব।”
