‘দেশের প্রতি ভালোবাসাই ফেরাবে মেসিকে’
ফুটবল লিওনেল মেসির ভালোবাসা। নিজের দেশকেও অত্যন্ত ভালোবাসেন তারকা এই ফরোয়ার্ড। আর এটাই তাকে অবসরের সিদ্ধান্ত বদলে আবার আর্জেন্টিনা দলে ফেরাতে ভূমিকা রাখবে বলে মনে করেন বার্সেলোনার সাবেক মিডফিল্ডার গাইসকা মেন্দিয়েতা।
কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হারার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন মেসি।
এর পর থেকে দুই কিংবদন্তি ফুটবলার পেলে ও দিয়েগো মারাদোনাসহ অনেকেই পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড়কে তার সিদ্ধান্ত বদলানোর অনুরোধ করে যাচ্ছেন।
মেন্দিয়েতা বলেন, “ব্যক্তিগতভাবে আমি মনে করি, কিছু না ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেসি ফুটবল আর তার দেশকে এত ভালোবাসে যে আবার না খেলা অসম্ভব। আমি নিশ্চিত, ছুটি শেষে সে ভিন্নরকম ভাববে।”
আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা মেসি চিলির বিপক্ষে টাইব্রেকারে নিজেদের প্রথম শট থেকে গোল করতে পারেননি। এই নিয়ে দেশের হয়ে খেলা চারটি ফাইনালে হারলেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড।
২০০২-০৩ মৌসুমে বার্সেলোনায় খেলা মেন্দিয়েতা বলেন, “আমি বোঝাতে চাই, এটা মাথায় ঘুরপাক খাবে কারণ, আর্জেন্টিনার হয়ে সে টানা তিনটি ফাইনাল, সব মিলে চারটি ফাইনাল হেরেছে।”
এবারের কোপা আমেরিকায় মেসিরা খেলতে গিয়েছিলেন ২৩ বছরের শিরোপা-খরা কাটানোর স্বপ্ন নিয়ে। ১৯৯৩ সালের কোপা আমেরিকা জয়ের পর আর কোনো শিরোপার মুখ দেখেনি আর্জেন্টিনা।
লম্বা সময় ধরে এমন চাপ সামলানোটা সহজ নয় বলে মনে করেন মেন্দিয়েতা।
