গোল-খরা নিয়ে উদ্বিগ্ন নন মুলার
বুন্দেসলিগায় ভালো একটা মৌসুম কাটিয়ে এলেও এবারের ইউরোতে এখনও গোলের দেখা পাননি জার্মানির ফরোয়ার্ড টমাস মুলার। নিজের এই গোল-খরা নিয়ে মোটেই উদ্বিগ্ন নন তিনি। বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড কেবল জার্মানির শিরোপা জয় নিয়েই ভাবছেন।
এবারের ইউরোতে বেশ কিছু ভালো সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি ৯ গোল নিয়ে বাছাইপর্বে জার্মানির সর্বোচ্চ গোলদাতা হওয়া মুলার।
মার্সেইতে আগামী বৃহস্পতিবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমি-ফাইনালে স্বাগতিক ফ্রান্সের মুখোমুখি হবে জার্মানি।
মুলার বলেন, “আমাকে যেটা জ্বালানি জোগায় সেটা গোল নয়। এগুলো হয়ত বাইরের দিকটা ভালো দেখানোর জন্য আমার গাড়ির রংয়ের কাজ। কিন্তু আমি জ্বালানি পাই সাফল্য পাওয়ার আকাঙ্খার জন্য।”
“নিশ্চয়ই আমি গোল করতে চাইব। কিন্তু দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে আমি সর্বোচ্চ গোলদাতা হয়েছিলাম। নিষেধাজ্ঞার কারণে আমি সেমি-ফাইনালে খেলতে পারিনি এবং আমরা ছিটকে পড়েছিলাম। ব্রাজিলে আমি অনেক বেশি উপভোগ করেছি।”
