২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর স্বপ্ন পূরণের পথে বাধা বেলের ওয়েলস

পর্তুগালের হয়ে কিছু জেতার স্বপ্নটাকে এবার যে কোনো মূল্যে পূর্ণতা দিতে চাইছেন ক্রিস্তিয়ানো রোনালদো। এই লক্ষ্য অর্জনের থেকে আর দুটি ম্যাচ দূরে তিনি। এই পথে তাদের সামনে এবার বাধা প্রথমবার ইউরো খেলতে এসেই রূপকথা রচনা করতে উন্মুখ হয়ে থাকা গ্যারেথ বেলের ওয়েলস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2016, 05:47 PM

Updated : 11 Oct 2022, 08:28 PM

ফ্রান্সের লিওঁতে টুর্নামেন্টের প্রথম সেমি-ফাইনাল শুরু হবে আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ১টায়।

দ্বৈরথে নামার আগে স্পেনের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদের সতীর্থ আর ঘনিষ্ঠ বন্ধু রোনালদোকে প্রশংসায় ভাসান বেল। পর্তুগালের বিপক্ষে লড়াইটি সহজ হবে না বলেও জানান তিনি।

প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা আছে ঠিক, কিন্তু পর্তুগালের মুখোমুখি হওয়ার আগে বেলের দৃষ্টি সেমি-ফাইনালের সীমানা ছাড়িয়ে আরও দূরে।

১৯৯২ সালে ডেনমার্ক আর ২০০৪ সালে গ্রিস ইউরোপ সেরার মুকুট জিতে বিশ্বকে বিস্ময় উপহার দিয়েছিল। তেমন একটি রূপকথা ওয়েলসও রচনা করতে পারে বলে বিশ্বাস করেন দেশটির তারকা ফরোয়ার্ড বেল।

“আমার পুরো বিশ্বাস আছে যে আমরা কিছু করতে পারি। আপনারা গ্রিস ও ডেনমার্কের রূপকথা দেখেন আর ভাবুন আমরা কেন এটা করতে পারব না?”

ইউরো খেলতে ফ্রান্সে পা রাখার পর থেকেই রোনালদো বলে যাচ্ছেন, দেশের হয়ে একটি শিরোপা জয়ের অপেক্ষা এবার ঘোচাতে চান তিনি। তবে টুর্নামেন্ট শুরুর আগে থেকেই কিংবদন্তি পেলেসহ অনেকে বলে আসছেন, রোনালদোর আশা পূরণ হওয়ার সম্ভাবনা নেই।

সেমি-ফাইনালে উঠলেও পর্তুগাল এখন পর্যন্ত মন ভরানো ফুটবল উপহার দিতে পারেনি। হাঙ্গেরির বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি বাদ দিলে রোনালদোও ছিলেন নিষ্প্রভ। তবে কোয়ার্টার-ফাইনালে পোল্যান্ডকে টাইব্রেকারে হারানোর পর তারকা এই ফরোয়ার্ড বলেছিলেন, তার দল ঠিক পথেই আছে এবং স্বপ্ন পূরণের সময় এসে গেছে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে পর্তুগাল দলে দেখা দিয়েছে চোটের শঙ্কা। ঊরুর চোটোর কারণে গত সোমবার অনুশীলন করতে পারেননি রিয়ালের সেন্টার-ব্যাক পেপে। এ ছাড়া নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না মিডফিল্ডার উইলিয়াম কার্ভালিয়ো।

পরপর দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় পর্তুগালের বিপক্ষে ওয়েলস পাচ্ছে না দলের গুরুত্বপূর্ণ সদস্য অ্যারন র্যা মজিকে। কোয়র্টার-ফাইনালে বেলজিয়ামকে ৩-১ ব্যবধানে হারাতে দলের দুটি গোলে সহায়তা করেন আর্সেনালের এই মিডফিল্ডার।

ফিফা র্যাং কিংয়ের অষ্টম স্থানে থাকা পর্তুগাল এর আগে ওয়েলসের বিপক্ষে খেলা তিন ম্যাচের দুটিতেই জয় পায়। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের দিক থেকে আবার ওয়েলসকেই এগিয়ে রাখতে হয়। এবারের ইউরোতে এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচের চারটিতেই জেতে তারা। এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ গোল করা দল ওয়েলস (১০)। স্বাগতিক ফ্রান্স তাদের চেয়ে একটি গোল বেশি করেছে।

অন্যদিকে পর্তুগাল এবারের ইউরোতে এখন পর্যন্ত ৯০ মিনিটের মধ্যে কোনো ম্যাচ জেতেনি। সেমি-ফাইনালে এই সব হিসেব কোনো কাজে আসবে না বলেই মনে করেন বেল।

“সেমি-ফাইনালে কোনো ফেভারিট-তত্ত্ব আছে বলে কখনোই শুনিনি আমি। যোগ্যতা আছে বলেই তারা এখানে এসেছে।”