জার্মান-গেরো ছোটানোর আশা জিরুদের
প্রতিযোগিতামূলক ফুটবলে জার্মানির বিপক্ষে গত ৫৮ বছরে কোনো জয় পায়নি ফ্রান্স। এবারের ইউরোর সেমি-ফাইনালে এই গেরো ছুটবে বলে বিশ্বাস করেন দেশটির ফরোয়ার্ড অলিভিয়ে জিরুদ।
মার্সেইতে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ফ্রান্স।
সাঁ-দেনিতে গত রোববার আইসল্যান্ডকে ৫-২ ব্যবধানে উড়িয়ে দিয়ে ফ্রান্সকে সেমি-ফাইনালে তুলতে জোড়া গোল করেন জিরুদ।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে জিরুদকে সাংবাদিকরা মনে করিয়ে দেন, ১৯৫৮ সালের বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের পর প্রতিযোগিতামূলক ফুটবলে জার্মানির বিপক্ষে ফ্রান্সের আর কোনো জয় নেই।
জিরুদ বলেন, “ফ্রান্স প্রতিযোগিতামূলক ম্যাচে জার্মানিকে ১৯৫৮ সালের পর আর হারায়নি? আমি আসলে এই পরিসংখ্যান জানি না। এটা আমাদের বদলাতে হবে। জার্মানিকে নিয়ে আমার কিছু স্মৃতি হচ্ছে, সব সময়ই আমাদের ম্যাচগুলো হাড্ডাহাড্ডি লড়াইয়ের।”
তবে জার্মানির বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না বলে মনে করেন জিরুদ।
“অসাধারণ একটা ম্যাচ হবে। খেলোয়াড়রা ভালো খেলছে। আমরা আনন্দিত হব বলে আশা করছি এবং এই ইউরোতে খেলে অনেক আনন্দ পেয়েছি।”
“সফল হতে জার্মানিকে হারাতে হবে আমাদের। বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আমরা তাদের শ্রদ্ধাও করি। শেষ পর্যন্ত যেতে খুব বড় এই দলকে হারাতে হবে আমাদের।”
