ইউরো থেকে ছিটকে পড়লেন জার্মানির গোমেজ
ডান পায়ের হ্যামস্ট্রিং পেশির চোট নিয়ে ইউরো থেকে ছিটকে পড়েছেন জার্মানির ফরোয়ার্ড মারিও গোমেজ।
ইতালির বিপক্ষে গত শনিবার টাইব্রেকারে ৬-৫ গোলে জেতা ম্যাচে চোট নিয়ে ৭২তম মিনিটে মাঠ ছাড়েন গোমেজ। এমআরআই স্ক্যান করানোর পর ধরা পড়ে এবারের ইউরোতে দুটি গোল করা ফিওরেন্তিনার এই ফরোয়ার্ডের হ্যামস্ট্রিংয়ের পেশি ছিঁড়ে গেছে।
এ ছাড়াও অধিনায়ক বাস্টিয়ান শোয়াইনস্টাইগার হাঁটু আর সামি খেদিরা ঊরুর সমস্যায় ভুগছেন। মার্সেইতে আগামী বৃহস্পতিবার ফ্রান্সের বিপক্ষে সেমি-ফাইনালে খেলা নিয়ে সংশয় আছে দুজনেরই।
জার্মানির কোচ ইওয়াখিম লুভ বলেন, “টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে এসে যখন গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ছিটকে পড়ে, তখন এটা খুব হতাশাজনক।”
“আমি বিশেষভাবে মারিওর জন্য দু:খিত। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ভালো পারফরম্যান্স করেছে সে এবং গোল করা ছাড়াও দলকে সাহায্য করেছে সে।”
সেমি-ফাইনালে খেলতে পারবেন না জার্মানির মাটস হুমেলসও। দুই হলুদ কার্ড দেখায় এই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি।
লুভ অবশ্য এর পরও বেশ আত্মবিশ্বাসী।
“বৃহস্পতিবারের জন্য আমরা তৈরি থাকব এবং মার্সেইয়ের সেমি-ফাইনালে খেলতে উন্মুখ আমরা।”
