‘টাইব্রেকারে হেরে বাদ পড়ায় লজ্জা নেই’
জার্মানির কাছে হেরে ইউরোর কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিতে হলেও শিষ্যদের খেলায় খুশি আন্তোনিও কোন্তে। শিরোপা জয়ে অন্যতম ফেভারিট দলটির কাছে টাইব্রেকারে হেরে বাদ পড়ায় লজ্জার কিছু দেখছেন না ইতালির কোচ।
ফ্রান্সের বোর্দোতে গত শনিবার নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে সমতায় থাকার পর অতিরিক্ত সময়েও কোনো দলই আর গোল পায়নি। উত্তেজনা ছড়ানো টাইব্রেকারে ইতালিকে ৬-৫ গোলে হারিয়ে সেমি-ফাইনালে উঠে জার্মানি।
ম্যাচ শেষে কোন্তে বলেন, “খুব শক্তিশালী একটি দলের বিপক্ষে ছেলেরা তাদের সর্বস্ব উজাড় করে দিয়েছে।”
“জার্মানির কাছে টাইব্রেকারে হেরে যাওয়া কোনো লজ্জা নয়। কারণ, আমরাও সামনে এগিয়ে যেতে পারতাম। ছেলেরা যা করেছে তাতে আমি গর্বিত।”
ইতালির কোচ হিসেবে পর্যাপ্ত সমর্থন পাননি বলে অনুযোগ করেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির দায়িত্ব নিতে যাওয়া কোন্তে।
“কখনোই আমি আমার পাশে কাউকে দেখিনি, সংবাদমাধ্যম অথবা অন্য কাউকে নয়। সব সময় বিষয়টা এমন ছিল যে কোন্তে সবার বিপক্ষে। আমি সব সময়ই জাতীয় দলের স্বার্থে লড়েছি, আমার জন্য নয়।”
