২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যোগ্য দল হিসেবেই সেমিতে জার্মানি’

যোগ্য দল হিসেবেই জার্মানি সেমি-ফাইনালে উঠেছে বলে মনে করেন দেশটির গোলরক্ষক মানুয়েল নয়ার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2016, 06:12 PM

Updated : 12 Apr 2022, 02:23 AM

ফ্রান্সের বোর্দোতে গত শনিবার নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে সমতায় থাকার পর অতিরিক্ত সময়েও কোনো দলই আর গোল পায়নি। উত্তেজনা ছড়ানো টাইব্রেকারে ইতালিকে ৬-৫ ব্যবধানে হারিয়ে সেমি-ফাইনালে উঠে জার্মানি।

উত্তেজনা ছড়ানো টাইব্রেকারে ইতালির দুটি শট রুখে দেন নয়ার। ম্যাচ সেরার পুরস্কারও জেতেন বায়ার্ন মিউনিখের এই গোলরক্ষক।

ম্যাচ শেষে নয়ার বলেন, “এই ম্যাচের মতো টাইব্রেকারের অভিজ্ঞতা আমার কখনোই হয়নি। আমার মনে হয়, ইতালির বেশিরভাগ খেলোয়াড়ই মাঝখানটাকে লক্ষ্য বানিয়েছিল।”

"নির্ধারিত সময়ে ১-১ স্কোরলাইন আমাদের জন্য কিছুটা দুর্ভাগ্যজনক ছিল। কিন্তু আমার বিশ্বাস, আমরাই ভালো দল ছিলাম এবং যোগ্য হিসেবেই সেমি-ফাইনালে উঠেছি।”

টাইব্রেকারে প্রথম ৫টি করে নেওয়া শটে দুদলের তিন জন করে বল জালে পাঠাতে ব্যর্থ হন।

এর পর সাডেন ডেথে পরের তিন শটে গোল করেন ইতালির এমানুয়েল জাক্কেরিনি, মার্কো পারোলো ও মাত্তেয়া দে শিলিও। কিন্তু মাত্তেও দারমেইনের শট ফিরিয়ে দেন নয়ার। আর টানা চার শটে গোল করেন জার্মানির মাটস হুমেলস, জসুয়া কিমিচ, জেরোম বোয়াটেং ও ইয়োনাস হেক্টর।

নাটকীয় এই টাইব্রেকারে রোমাঞ্চ অনুভব করেন নয়ারও।

“এতজন খেলোয়াড়ের পেনাল্টি নেওয়াটা ছিল বিশেষ কিছু, কী নাটক!”

টাইব্রেকারে জার্মানির হয়ে জয়সূচক গোলটি করা হেক্টর জানান, তীব্র স্নায়ু চাপে ভুগছিলেন তিনি।

“আমি জানতাম পরে আমাকেও একটা শট নিতে হবে এবং খুব নার্ভাস হয়ে পড়েছিলাম আমি।”

“এটা ভাষায় প্রকাশ করা কঠিন, কিন্তু শটটি জালে ঢোকায় আমি উচ্ছ্বাসে ভেসেছিলাম। কিক নেওয়ার জন্য আর বেশি খেলোয়াড় ছিল না।”