মেসির পাশে তেভেস
অবসরের সিদ্ধান্ত নেওয়া লিওনেল মেসির পাশে দাঁড়িয়েছেন কার্লোস তেভেস। খেলোয়াড়দেরকে উপেক্ষা করায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) এক হাত নেওয়ার সুযোগটিও হাতছাড়া করেননি বোকা জুনিয়র্সের এই ফরোয়ার্ড।
যুক্তরাষ্ট্রে হওয়া কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে যাওয়ার পর আর্জেন্টিনাকে হঠাৎই বিদায় বলে দেন মেসি। তেভেস মনে করেন আর্জেন্টিনা দলে মেসির দরকার; কিন্তু বার্সেলোনা ফরোয়ার্ডের সিদ্ধান্তকে শ্রদ্ধাও করছেন তিনি।
“এএফএ চরম একটা জগাখিচুড়ি। লিও দেখেছে, জাতীয় দলের জন্য ছেলেরা নিজেদের সবটুকু নিংড়ে দিচ্ছে কিন্তু এএফএ তাদের উপেক্ষা করছে।”
টিওয়াইসি স্পোর্টসকে তেভেজ আরও বলেন, “মেসি যে অবস্থায় আছে, আমাদের নিজেদেরকে সেখানে নিতে হবে। সে ক্লান্ত এবং এটাই (অবসরের সিদ্ধান্ত) স্বাভাবিক। আমিও কয়েকবার জাতীয় দল নিয়ে ক্লান্ত হয়েছিলাম।”
২০০৭ ও ২০১৫ সালের কোপা আমেরিকা এবং ২০১৪ বিশ্বকাপের ফাইনালের ব্যর্থতার প্রসঙ্গ টেনে অবসরের সিদ্ধান্ত জানানোর সময় মেসিও জাতীয় দল নিয়ে ‘ক্লান্তির’ কথা বলেছিলেন।
আর্জেন্টিনার জার্সিতে মেসিকে ফের দেখার অপেক্ষায় থাকার কথাও জানান তেভেজ। ম্যানচেস্টার ইউনাইটেড ও ইউভেন্তুসের এই সাবেক ফরোয়ার্ড জানান, মেসিকে ফেরানোর উদ্যোগটা নিতে হবে এএফএকে।
“আমাদের উচিত মেসিকে সময় দেওয়া। অবশ্যই জাতীয় দলে তাকে দরকার। কয়েকটা ম্যাচ গেলে এবং এএফএর সব কিছু স্বাভাবিক হলে সম্ভবত তারা তাকে ফেরানোর জন্য প্রলুব্ধ করতে পারে এবং আমরাও মেসির জন্য অপেক্ষা করছি।”
