আবাহনীকে হারিয়ে শিরোপা দৌড়ে মেরিনার ইয়াংস
আবাহনী ক্রীড়া চক্রকে হারিয়ে প্রিমিয়ার ডিভিশন হকি লিগের শিরোপা দৌড়ে টিকে আছে মেরিনার ইয়াংস। সোমবার অন্য খেলায় ওয়ান্ডারার্সকে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সুপার সিক্সের ম্যাচে আবাহনীকে ২-১ গোলে হারায় মেরিনার।
ওয়াকাস শরিফের গোলে নবম মিনিটে এগিয়ে যায় মেরিনার। ২৩তম মিনিটে শাফকাত রসুলের হাত ধরে সমতায় ফেরে আবাহনী। ৬৩তম মিনিটে চেক প্রজাতন্ত্রের খেলোয়াড় তমাস এগিয়ে নেন মেরিনারকে। শেষ পর্যন্ত এ গোলটি আগলে রেখে পঞ্চদশ জয় তুলে নেয় গেরহার্ড পিটারের দল।
অন্য ম্যাচে ওয়ান্ডরার্সকে ৫-১ গোলে হারায় মোহামেডান। তাসভার আব্বাসের গোলে এগিয়ে যাওয়ার পর অধিনায়ক রাসেল মাহমুদ জিমির হ্যাটট্রিকে জয় অনেকটাই নিশ্চিত করে নেয় তারা। ৩০, ৩৮ ও ৪২তম মিনিটে টানা তিন গোল করেন জাতীয় দলের এই ফরোয়ার্ড।
৪৪তম মিনিটে রাকিবুল হাসানের গোলে যা একটু ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ওয়ান্ডরার্স। কিন্তু ৫৮তম মিনিটে জিমি নিজের চতুর্থ গোলটি করলে সুপার সিক্সে প্রথম জয় পায় মোহামেডান।
