রোনালদোদের হারাতে আত্মবিশ্বাসী ক্রোয়েশিয়া
গত দুই বারের ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ ষোলোয় উঠা ক্রোয়েশিয়া নকআউট পর্বেও সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী। দলটির কোচ আন্তে সাসিচের বিশ্বাস, গ্রুপ পর্বের লড়াইয়ে তার দল দেখিয়েছে যে তারা পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে খেলার যোগ্য।
তুরস্ককে হারিয়ে এবারের ইউরো অভিযান শুরু করা ক্রোয়েশিয়া দ্বিতীয় ম্যাচে চেক রিপাবলিকের বিপক্ষে দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে। তবে শেষ ম্যাচে দারুণ পারফরম্যান্সের প্রমাণ রাখে দলটি; সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে দলটি।
শেষ ষোলোতে ওঠা দলগুলোর মধ্যে ক্রোয়েশিয়ার সাম্প্রতিক পারফরম্যান্স সবচেয়ে আশা জাগানিয়া। সবশেষ ১২ ম্যাচে অপরাজিত তারা, দলের এই ধারাবাহিক পথচলা আরও আত্মবিশ্বাসী করে তুলছে সাসিচকে।
“প্রতিযোগিতার এই পর্বে কোনো সহজ প্রতিপক্ষ নয় এবং আমরা হয়তো সবচেয়ে কঠিন প্রতিপক্ষ পেয়েছি। তবে ইউরো ২০১৬ তে আমরা সবচেয়ে কঠিন গ্রুপে ছিলাম এবং সফলভাবেই আমরা তা পার করেছি, তাই এই ম্যাচে আত্মবিশ্বাসী না হওয়ার কোনো কারণ নেই।”
“পর্তুগালকে আমরা সম্মান করি। কিন্তু নিজেদের মান, দলগত শক্তি ও এ পর্যন্ত যেভাবে নিজেদের তুলে ধরেছি তার উপর আমাদের বিশ্বাস আছে এবং নতুন চ্যালেঞ্জে লড়তে মুখিয়ে আছি।”
দলের সেরা তারকার ছন্দে ফেরাটাও আশা জোগাচ্ছে দলটিকে। প্রথম দুই ম্যাচে গোল না পাওয়া ক্রিস্তিয়ানো রোনালদো হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল করার পাশাপাশি নানির গোলেও অবদান রাখেন।
সব মিলিয়ে শুরুর ব্যর্থতা কাটিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে দলটি। ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে ওঠার লক্ষ্যের কথা জানালেন পর্তুগালের গোলরক্ষক এদুয়ার্দো।
“আমাদের নিজেদের শক্তিতে বিশ্বাস আছে এবং আমাদের বিশ্বাস, আমরা তাদের হারাতে পারি। (প্রতিযোগিতার) এই অবস্থায় কোনো ম্যাচই সহজ নয়। সবাই তা জানে।”
ক্রোয়েশিয়ার বিপক্ষে মুখোমুখি লড়াইয়েও একতরফা এগিয়ে পর্তুগিজরা; ক্রোয়াটদের বিপক্ষে সবশেষ তিন ম্যাচের সবকটিতেই জিতেছে পর্তুগাল, এ কয় ম্যাচে কোনো গোলও খায়নি তারা। তবে এর মধ্যে একমাত্র প্রতিযোগিতামূলক লড়াইটি অনেক আগের; ১৯৯৬ ইউরোতে ৩-০ গোলে জিতেছিল পর্তুগাল।
আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় ফ্রান্সের লঁসে মুখোমুখি হবে দল দুটি।
