লেস্টারের সঙ্গে নতুন চুক্তিতে সম্মতি ভার্ডির
ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন লেস্টার সিটির সঙ্গে নতুন চুক্তি করতে রাজি হয়েছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড জেমি ভার্ডি।
লেস্টারকে তাদের ১৩২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখা ২৯ বছর বয়সী ভার্ডির নতুন চুক্তির মেয়াদ চার বছর।
গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ২৪ গোল করা ভার্ডির সঙ্গে চুক্তি নিয়ে লেস্টার এক বিবৃতিতে বলে, “দুই পক্ষই আশা করে, জেমির ভবিষ্যৎ নিয়ে সাম্প্রতিক জল্পনাকল্পনার অবসান করবে এই ঘোষণা।”
ইউরো শুরুর আগে সংবাদমাধ্যমে খবর আসে, ভার্ডিকে পেতে আর্সেনাল ২ কোটি পাউন্ডের প্রস্তাব দিয়েছিল। আর ভার্ডিকে সপ্তাহে ১ লাখ ২০ হাজার পাউন্ডও দেওয়ার প্রস্তাবও নাকি দিয়েছিল তারা। ধারণা করা হচ্ছে, লেস্টার ভার্ডিকে সপ্তাহে ১ লাখ পাউন্ড দিতে চেয়েছে।
লিগের বাইরের অখ্যাত দল ফ্লিটউড টাউন থেকে ২০১২ সালে ১০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে লেস্টারে যোগ দিয়েছিলেন ভার্ডি। গত ফেব্রুয়ারিতে তিনি তিন বছরের জন্য নতুন চুক্তি করেছিলেন।
ভার্ডি আপাতত ইংল্যান্ডের হয়ে ইউরো খেলতে ফ্রান্সে আছেন। গ্রুপ পর্বে ওয়েলসের বিপক্ষে ইংল্যান্ডের ২-১ ব্যবধানের জয়ে দলের প্রথম গোলটি করেছিলেন তিনি।
ফ্রান্সের নিসে আগামী সোমবার শেষ ষোলোতে ইংল্যান্ডের প্রতিপক্ষ আইসল্যান্ড।
