রোনালদোর গোল পাওয়া কেবল শুরু!
দুই ম্যাচের ব্যর্থতা পেছনে ফেলে হাঙ্গেরির বিপক্ষে এবারের ইউরোতে প্রথম গোলের দেখা পেয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগালের কোচ ফের্নান্দো সান্তোস মনে করছেন, তারকা এই ফরোয়ার্ডের অনেক গোল পাওয়ার কেবল শুরু এটা।
ফ্রান্সের লিওঁতে গত বুধবার রোনালদোর জোড়া গোলে তিন বার পিছিয়ে পড়েও হাঙ্গেরির সঙ্গে ৩-৩ গোলে ড্র করে মাঠ ছাড়তে পারে পর্তুগাল। তিন ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্যায়ের সেরা চারটি তৃতীয় স্থানের দলের একটি হয়ে নক-আউট রাউন্ডে উঠে তারা।
এবারের ইউরোতে ৩১ বছর বয়সী রোনালদো আরও গোল পাবেন বলে মনে করেন সান্তোস।
“ভালো একজন অধিনায়ক থাকাটা সব সময়ই খুব গুরুত্বপূর্ণ; বিশেষ করে এমন একজন অধিনায়ক যার অনেক গোল করার যোগ্যতা আছে।”
হাঙ্গেরির বিপক্ষে পাওয়া গোলে ইউরো চ্যাম্পিয়নশিপে চারটি আসরে গোল করা প্রথম খেলোয়াড় হয়ে গেছেন রোনালদো।
লঁসে আগামী শনিবার শেষ ষোলোতে পর্তুগালের প্রতিপক্ষ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ওঠা ক্রোয়েশিয়া।
