২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড ভাঙা রোনালদোর জন্য ‘স্বাভাবিক’

অসাধারণ পারফরম্যান্সে পর্তুগালকে শেষ ষোলোতে তোলার পথে ইউরো চ্যাম্পিয়নশিপের চারটি আসরে গোল করার অনন্য রেকর্ড গড়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের তারকা এই ফরোয়ার্ডের কাছে, রেকর্ড ভাঙ্গাটাই স্বাভাবিক তার জন্য।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2016, 05:02 PM

Updated : 11 Oct 2022, 08:24 PM

পুরনো খবর:

রোনালদোর নৈপুণ্যে শেষ ষোলোতে পর্তুগাল
ইউরোয় রোনালদোর অনন্য ইতিহাস

ফ্রান্সের লিওঁতে বুধবার হাঙ্গেরির বিপক্ষে ম্যাচে তিন বার পিছিয়ে পড়লেও রোনালদোর নৈপুণ্যে ৩-৩ ব্যবধানে ড্র করে পর্তুগাল। মুল্যবান ১ পয়েন্ট এনে দিতে জোড়া গোল করার পাশাপাশি নানির গোলটিতে সহায়তা করেন পর্তুগাল অধিনায়ক। তিন ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্যায়ের সেরা চারটি তৃতীয় স্থানের দলের একটি হয়ে নক-আউট রাউন্ডে উঠে পর্তুগাল।

গত চার আসরেই গোল পাওয়া নিয়ে রোনালদো বলেন, “আরেকটি রেকর্ড হলো; তবে আমি সব সময় যেমন বলি, এটা স্বাভাবিকই।”

ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকেই এগিয়ে রাখেন ম্যাচ সেরা রোনালদো।

“ম্যাচ সেরা হওয়াটা সম্মানের। কিন্তু আমাদের মূল ভাবনা ছিল ম্যাচ জেতা। এটা করতে আমরা ব্যর্থ হয়েছি। মোদ্দা কথা হলো, আমরা গ্রুপ পর্ব উতরাতে চেয়েছি।”

দলের লড়াকু মনোভাবে বেশ খুশি পর্তুগালের অধিনায়ক। 

“তিন বার পিছিয়ে পড়ে দল বাজে অবস্থায় ছিল এবং বাড়ি ফিরে না যাওয়া নিশ্চিত করতে গোল করার চেষ্টা করতে হয়েছে।”

লঁসে আগামী শনিবার শেষ ষোলোতে পর্তুগালের প্রতিপক্ষ শিরোপাধারী স্পেনকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আসা ক্রোয়েশিয়া। রিয়াল মাদ্রিদের তারকা রোনালদোর কাছে এই ম্যাচে কেউই স্পষ্ট ফেভারিট নয়।

“আমরা শেষ ষোলোতে উঠেছি এবং এখন খুব ভালো একটি দলের মুখোমুখি হচ্ছি। আমি মনে করি, সম্ভাবনা পঞ্চাশ-পঞ্চাশ…। তারা কঠিন একটি দল, তাদের খুব ভালো খেলোয়াড় আছে। সব দল স্পেনকে হারাতে পারে না তাই আমরা তাদের সমীহ করি।”