২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালে ফিরছেন মোরাতা

চুক্তির শর্ত অনুয়ায়ী ইউভেন্তুস থেকে রিয়াল মাদ্রিদের চেনা আঙিনায় ফিরছেন আলভারো মোরাতা। তবে স্পেনের এই উঠতি ফরোয়ার্ড আগামী মৌসুমে সান্তিয়াগো বের্নাবেউয়ের দলটির হয়ে খেলবেন কিনা, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2016, 03:26 PM

Updated : 12 Apr 2022, 02:19 AM

বাই-ব্যক ক্লজে (বিক্রির পর পুনরায় ক্রয়ের শর্ত) ২০১৪ সালে রিয়াল থেকে ইউভেন্তুসে যোগ দেন মোরাতা। ইতালির শীর্ষ লিগের দলটির হয়ে ৯৩ ম্যাচে ২৭ গোল করেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ফ্রান্সে চলা ইউরো চ্যাম্পিয়নশিপেও আলো ছড়াচ্ছেন তিনি। ক্রোয়েশিয়ার কাছে সব শেষ হেরে যাওয়া ম্যাচে স্পেনকে এগিয়ে নিয়েছিলেন মোরাতাই। ম্যাচটি ২-১ ব্যবধানে হারলেও সেরা ষোলোয় উঠেছে প্রতিযোগিতাটির শিরোপাধারীরা। আগের ম্যাচে তুরস্কের জালে জোড়া গোল করেন তিনি।

মোরাতাকে ইউভেন্তুস থেকে ফেরত চেয়ে পাঠানোর কথা জানিয়ে রিয়াল তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলে, “মোরাতা জিনেদিন জিদানের অধীনে চলা প্রাক মৌসুমের প্রস্তুতিতে দলের সঙ্গে যোগ দেবে।”

মোরাতার নতুন চুক্তি নিয়ে রিয়াল অবশ্য কিছু জানায়নি। এ কারণেই তার জিদানের অধীনে খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। ধারণা করা হচ্ছে, আগামী দলবদলে উঠতি এই ফরোয়ার্ডকে পেতে আগ্রহী ইংলিশ প্রিমিয়ার লিগের দুই দল আর্সেনাল ও চেলসি এবং রিয়ালও চাইছে সুযোগ কাজে লাগিয়ে মোটা অঙ্ক পকেটে পুরতে।