ইউরোর পরই আন্তর্জাতিক ফুটবল ছাড়ছেন ইব্রাহিমোভিচ
ইউরো চ্যাম্পিয়নশিপের এবারের আসর শেষেই অবসরের ঘোষণা দিয়েছেন সুইডেনের স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অবসরের সিদ্ধান্তের কথা জানান ইব্রাহিমোভিচ।
“ইউরোয় সুইডেনের শেষ ম্যাচই হবে সুইডেনের হয়ে আমার শেষ ম্যাচ। তাই আশা করি, এটা কাল হবে না।”
ক্লাব পিএসজির হয়ে দারুণ একটি মৌসুম শেষ করে ইউরোয় পাড়ি জমালেও ফ্রান্সে চলা মহাদেশ সেরার আসরে এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি ইব্রাহিমোভিচ। অধিনায়ক ও দলের সেরা তারকার অনুজ্জ্বল পারফরম্যান্সে সুইডেনও এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি।
গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়ায় আগামী বুধবার বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটি হতে পারে জাতীয় দলের হয়ে ইব্রাহিমোভিচের শেষ ম্যাচ।
আগামী অগাস্টে হতে যাওয়া রিও অলিম্পিকেও খেলার সম্ভাবনা ছিল ৩৪ বছর বয়সী এই খেলোয়াড়ের। গত সপ্তাহে তাকে নিয়েই অলিম্পিকের জন্য ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে দেশটির ফুটবল সংস্থা। কিন্তু মঙ্গলবারের সংবাদ সম্মেলনে অলিম্পিকেও না খেলার ইচ্ছার কথা জানান তিনি।
২০০১ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ১১৫ ম্যাচে ৬২ গোল করেছেন ইব্রাহিমোভিচ।
গত মৌসুম শেষে ফ্রান্সের ক্লাব পিএসজি থেকে বিদায় নেওয়া এই তারকা স্ট্রাইকার আগামী মৌসুমে ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে পারেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে।
