আইরিশদের উড়িয়ে দিল বেলজিয়াম
প্রথম ম্যাচে হতাশ করলেও রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণভাবে জ্বলে উঠল বেলজিয়ামের আক্রমণভাগ। কেভিন ডি ব্রুইন ও রোমেলু লুকাকুদের দুর্দান্ত পারফরম্যান্সে আইরিশদের উড়িয়ে দিয়ে নকআউট পর্বে ওঠার পথে এগিয়ে গেল ফিফা র্যাংকিং অনুযায়ী ইউরোপের সেরা দলটি।
শনিবার বিকালে বেলজিয়ামের ৩-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন লুকাকু, অন্যটি করেন আক্সল ভিটসেল।
ফ্রান্সের বোর্দোয় শনিবার বিকেলে বল দখলে ও আক্রমণে বেলজিয়াম প্রথমার্ধ নিয়ন্ত্রণ করলেও গোলের দেখা মেলেনি। বিরতির আগে উল্লেখযোগ্য দুটি সুযোগ পেয়েছিল ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালিস্টরা; কিন্তু আয়ারল্যান্ডের জমাট রক্ষণ ভাঙতে পারেনি।
বিরতির পরপরই বেলজিয়ামের গোলের অপেক্ষা ফুরায়। শুরু থেকে দারুণ খেলা ব্রুইন মাঝ মাঠের কাছ থেকে বল পায়ে এক জন কাটিয়ে আরেক জনকে গতিতে পরাস্ত করে লুকাকুকে পাস দেন। আর ডি বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের জোরালো নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন এভারটনের এই ফরোয়ার্ড।
এর নয় মিনিট পরে লুকাকুর দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয়ে যায় বেলজিয়ামের। এডেন হ্যাজার্ডের বাড়ানো বল ধরে আট গজ দূর থেকে সহজেই লক্ষ্যভেদ করেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
এই জয়ে ‘গ্রুপ অব ডেথ’ হিসেবে বিবেচিত ‘ই’ গ্রুপ থেকে শেষ ষোলোয় ওঠার সম্ভাবনা ভালোমতোই থাকল প্রথম ম্যাচে ইতালির কাছে ২-০ গোলে হারা বেলজিয়ামের।
আয়ারল্যান্ডের এই হারে এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হয়ে গেল ২ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া ইতালির। বেলজিয়ামের পয়েন্ট ৩। সুইডেন ও আয়ারল্যান্ডের পয়েন্ট ১।
