২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হারের উত্তর জানা নেই মানিকের

দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে ফেডারেশন কাপের মুকুট ধরে রাখার স্বপ্ন গুঁড়িয়ে গেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের। ম্যাচ শেষে দলটির কোচ শফিকুল ইসলাম মানিক জানালেন, এভাবে হারের উত্তর জানা নেই তার। অন্যদিকে আরামবাগ ক্রীড়া সংঘের কোচ সাইফুল বারী টিটোর দাবি, প্রতিপক্ষের আত্মতুষ্টির সুযোগ কাজে লাগিয়ে বাজিমাত করেছে তার শিষ্যরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2016, 08:21 PM

Updated : 12 Apr 2022, 02:17 AM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার প্রথম কোয়ার্টার-ফাইনালে দুই দলের নির্ধারিত নব্বই মিনিটের খেলা ২-২ সমতায় শেষ হয়। অতিরিক্ত সময়েও কোনো দল গোল না পেলে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সাডেন ডেথে মনসুর আমিনের গোলে ৫-৪ ব্যবধানে জিতে সেরা সেমি-ফাইনালে ওঠে আরামবাগ।

মুকুট ধরে রাখার স্বপ্ন শেষ হয়ে যাওয়ার প্রতিক্রিয়ায় মানিক বলেন, “হেরেছি; এর উত্তর জানা নেই আমার। দুই গোল দেওয়ার পর আমরা রিল্যাক্সড হয়ে পড়েছিলাম; এটাই সমস্যা। পরে আমরা আরও সুযোগ পেয়েছি কিন্তু কাজে লাগাতে পারিনি।”

টাইব্রেকারের জন্য আগে থেকে শিষ্যদের প্রস্তুত করার কথাও জানান মানিক। প্রতিপক্ষ গোলরক্ষককে আলাদাভাবে প্রশংসা করেন শেখ জামাল কোচ, “ওদের মিতুল দারুণ গোলকিপিং করেছে।”

প্রথমার্ধে রক্ষণাত্মক খেলা আরামবাগ দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরিয়ে এসে আক্রমণে ওঠে। তার সুফলও তুলে নিয়ে সমতা ফেরায়। শিষ্যদের ঘুরে দাঁড়ানো নিয়ে দলটির কোচ টিটো বলেন, “প্রথমার্ধে আমরা দুটি বাজে গোল খেয়েছি। এ নিয়ে ড্রেসিং রুমে ছেলেদের উপর রাগও করেছি। দ্বিতীয়ার্ধে ইয়োকো সামনিককে সামনে এনে আমরা আক্রমণেটা সাজাই। ওরা দুই গোল দিয়ে একটু আত্মতুষ্টিতে ছিল; সেটার সুযোগই নিয়েছি আমরা।”

টাইব্রেকারের প্রস্তুতি আগে থেকে নিয়ে রাখার কথা জানালেন আরামবাগের কোচ, “গত তিন দিন ধরে আমরা টাইব্রেকারের অনুশীলন করেছি।”