২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উরুগুয়ে ছিটকে পড়ায় সতর্ক ব্রাজিলের লুইস

কোপা আমেরিকার সফলতম দল উরুগুয়ের প্রতিযোগিতার শুরুতেই ছিটকে পড়াটা ব্রাজিলের জন্য সতর্কবার্তা হিসেবে দেখছেন ডিফেন্ডার ফিলিপে লুইস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2016, 06:45 PM

Updated : 12 Apr 2022, 02:15 AM

উরুগুয়ে প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে ৩-১ এ হারার পর ভেনেজুয়েলার কাছে একমাত্র গোলে হারে। এক ম্যাচ বাকি থাকতেই ছিটকে পড়ে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা।

চোটের কারণে ওই দুই ম্যাচের কোনোটিতেই খেলতে পারেননি উরুগুয়ের সবচেয়ে বড় তারকা লুইস সুয়ারেস। 

কোপা আমেরিকার ব্রাজিল দলে নেই নিয়মিত অধিনায়ক ও দলের সেরা তারকা নেইমার। এছাড়া চোটের কারণে গুরুত্বপূর্ণ অনেক খেলোয়াড়কে ছাড়াই দল সাজাতে হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

খেলোয়াড় ও সমর্থকদের জন্য বড় ধাক্কা হয়ে আসে প্রথম ম্যাচে একুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র। তবে পরের ম্যাচে হাইতিকে ৭-১ গোলে উড়িয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করে ব্রাজিল।

বাংলাদেশ সময় সোমবার সকাল সাড়ে ৬টায় ফক্সবরোতে হতে যাওয়া ম্যাচে পেরুর বিপক্ষে ন্যূনতম ১ পয়েন্ট পেলেই শেষ আট নিশ্চিত হয়ে যাবে দুঙ্গার দলের।

তবে তাতে ঠিক যেন স্বস্তি পাচ্ছেন না আতলেতিকো মাদ্রিদের ডিফেন্ডার লুইস।

“উরুগুয়ের বাদ পড়া আমাদের জন্য সতর্কবার্তা। এটা জটিল প্রতিযোগিতা, সবাই জিততে চাই এবং কোনো সহজ ম্যাচ নেই।”

“তবে আমরা ভালো সময়ের মধ্যে আছি, প্রতি দিন আমরা উন্নতি করছি। আমার বিশ্বাস, অন্যদের চেয়ে আমরা বেশি প্রস্তুত,” যোগ করেন লুইস।

দুই রাউন্ড শেষে ৪ পয়েন্ট নিয়ে ‌‘বি’ গ্রুপের শীর্ষে আছে ব্রাজিল। পেরুর পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে তারা। ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা একুয়েডরেরও শেষ আটে ওঠার সম্ভাবনা আছে।