২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাতিস্তুতার রেকর্ডের আরও কাছে মেসি

ক্লাব ফুটবলের অনেক রেকর্ডই নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। পানামার বিপক্ষে হ্যাটট্রিক করে জাতীয় দলের হয়ে গাব্রিয়েল বাতিস্তুতার সর্বোচ্চ গোলের রেকর্ডেরও খুব কাছে চলে এসেছেন আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2016, 02:13 PM

Updated : 11 Oct 2022, 08:21 PM

পুরনো খবর:

'মেসি একটা দানব'
মেসির খেলা উপভোগ আর্জেন্টিনা কোচের
মাঠে ফিরতে পেরেই খুশি মেসি
আর্জেন্টিনার জয়ের দিনে দি মারিয়ার চোট
মেসির হ্যাটট্রিকে শেষ আটে আর্জেন্টিনা

পিঠের চোটেরে কারণে কোপা আমেরিকার শতবর্ষী আসরে চিলির বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচটি খেলতে পারেননি মেসি। শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে হওয়া পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরেই ভক্ত-সমর্থকদের মন ভরিয়ে দিলেন আর্জেন্টিনার অধিনায়ক। অসাধারণ এক হ্যাটট্রিক করে দলকে এনে দিলেন ৫-০ গোলের জয়। 
 
মাঠে নামার আগে সাইডলাইনে গা গরম করছিলেন মেসি। তা দেখেই সোলজার স্টেডিয়ামে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরে আসা সমর্থকরা ‘মেসি, মেসি’ স্লোগান দিতে শুরু করে। ৬০তম মিনিটে আউগুস্তো ফের্নান্দেসের বদলি হিসেবে মেসি মাঠে নামেন ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে।   
 
মাঠে নামার অষ্টম মিনিটেই সমর্থকদের আনন্দে ভাসান মেসি। সহজ সুযোগ থেকে প্রথম গোল পান বার্সেলোনার এই ফরোয়ার্ড। দ্বিতীয় গোলটি করেন বাঁ পায়ে নেওয়া অসাধারণ এক ফ্রি-কিক থেকে। আর জাতীয় দলের হয়ে চতুর্থ হ্যাটট্রিক পূর্ণ করা গোলটিতে মিশে ছিল মেসির সহজাত জাদু। দুজন খেলোয়াড়ের মধ্য দিয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়ান তিনি।
 
আর্জেন্টিনার হয়ে এর আগের তিনটি হ্যাটট্রিকের দুটি তিনি করেন ২০১২ সালে, সুইজারল্যান্ড ও ব্রাজিলের বিপক্ষে। দেশের হয়ে মেসি তার তৃতীয় হ্যাটট্রিকটি করেন গুয়াতেমালার বিপক্ষে, ২০১৩ সালে। 
 

জাতীয় দলের হয়ে মেসির গোল এখন ৫৩টি। ৫৪ গোল নিয়ে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা সাবেক স্ট্রাইকার বাতিস্তুতা। আর্জেন্টিনার ২৩ বছরের শিরোপা-খরা কাটানোর মিশন নিয়ে আসা মেসি হয়ত এবারের কোপা আমেরিকাতেই এই রেকর্ড নিজের করে নিতে পারবেন।  ম্যাচ শেষে মেসি অবশ্য পানামার বিপক্ষে দারুণ এই জয়ের কৃতিত্ব সতীর্থদের ভাগ করে দেন।  “লম্বা ঘাসওয়ালা শুকনো মাঠে স্নায়ুচাপের এক ম্যাচে এটা দলীয় প্রচেষ্টা ছিল।… আমরা যা চেয়েছিলাম তা পেয়েছি।” দর্শকদের ভালোবাসার প্রতিদান দিতেও ভোলেননি বিনয়ী মেসি।  “এই সব সমর্থকের প্রতি আমি কৃতজ্ঞ।”