মেসির খেলা উপভোগ আর্জেন্টিনা কোচের
পানামার বিপক্ষে শেষ বাঁশি বাজার আধা ঘণ্টা আগে বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া লিওনেল মেসিকে নিয়ে উচ্ছ্বসিত জেরার্দো মার্তিনো। অন্য সবার মতো তারকা এই ফরোয়ার্ডের খেলা তিনিও উপভোগ করেন বলে জানিয়েছেন আর্জেন্টিনা কোচ।
শিকাগোয় বাংলাদেশ সময় শনিবার সকালে মেসির অসাধারণ হ্যাটট্রিকে পানামাকে ৫-০ গোলে হারায় আর্জেন্টিনা।
চোটের কারণে চিলির বিপক্ষে কোপা আমেরিকার শতবর্ষী আসরে নিজেদের প্রথম ম্যাচে খেলতে পারেননি মেসি। সোলজার ফিল্ড স্টেডিয়ামে তুমল হর্ষধ্বনির মধ্য দিয়ে ৬০তম মিনিটে প্রতিযোগিতার এই আসরে প্রথমবারের মতো মাঠে নামেন আর্জেন্টিনা অধিনায়ক।
মাঠে নামার অষ্টম মিনিটেই গোল পান মেসি। ৮৭তম মিনিটে দেশের হয়ে চতুর্থ হ্যাটট্রিক পূর্ণ করেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।
ম্যাচ শেষে মার্তিনো বলেন, "দ্বিতীয় গোলের আগে পর্যন্ত ম্যাচটি কঠিন ছিল। যদিও আমাদের মনে সব সময়ই লিওকে ৩০ মিনিট খেলানোর পরিকল্পনা ছিল। সে এলো এবং সব কিছু বদলে দিল।"
"সবার মতো আমিও তার খেলা উপভোগ করি" যোগ করেন মার্তিনো।
