মেসির হ্যাটট্রিকে শেষ আটে আর্জেন্টিনা
বদলি হিসেবে আধ ঘণ্টার জন্য মাঠে নামলেন লিওনেল মেসি। এর মধ্যেই দেখালেন তার পায়ের জাদু। বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ডের হ্যাটট্রিকে পানামাকে ৫-০ গোলে উড়িয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।
শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে হওয়া ম্যাচের শেষ আধ ঘণ্টায় মেসির হ্যাটট্রিকের আগে প্রথমার্ধের শুরুর দিকেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন নিকোলাস ওতামেন্দি। শেষ গোলটি করেন বদলি হিসেবে নামা সের্হিও আগুয়েরো।
২৯তম মিনিটে পানামা গোলটি প্রায় শোধ করে ফেলেছিল। কর্নারের বিনিময়ে গোলের প্রচেষ্টা ঠেকান গোলরক্ষক সের্হিও রোমেরো।
ম্যাচের আধ ঘণ্টা পার হওয়ার পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে আনিবাল গদোয় মাঠ ছাড়লে আর্জেন্টিনাকে রোখা আরও কঠিন হয়ে পড়ে পানামার জন্য।
৫৪তম মিনিটে ডি-বক্সে বল পেয়ে গনসালো হিগুয়াইনের শট নেওয়ার মুহূর্তে শুয়ে পড়ে বিপদমুক্ত করেন মিলার।
ম্যাচের আয়ু এক ঘণ্টা পার হওয়ার পর সোলজার ফিল্ড স্টেডিয়ামে তুমল হর্ষধ্বনির মধ্য দিয়ে কোপা আমেরিকার এই আসরে প্রথমবার মাঠে নামেন মেসি। গোল পেতে দেরি হয়নি চোট থেকে সেরে ওঠা এই তারকার।
‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে চিলিকে ২-১ গোলে হারানো আর্জেন্টিনার পয়েন্ট ৬। সিয়াটলে বাংলাদেশ সময়ে আগামী বুধবার সকাল আটটায় গ্রুপের শেষ ম্যাচে গতবারের রানার্সআপের প্রতিপক্ষ এরই মধ্যে বিদায় নিশ্চিত হওয়া বলিভিয়া।
ফক্সবরোতে ‘ডি’ গ্রুপের আগের ম্যাচে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালের সম্ভাবনা উজ্জ্বল করেছে চিলি।
শেষ মুহূর্তে পেনাল্টি থেকে আর্তুরো ভিদালের গোলে জয় ছিনিয়ে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা সময়ের একাদশ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন বায়ার্ন মিউনিখের এই ফুটবলার! সহকারী রেফারি হ্যান্ডবলের সংকেত দিয়েছিলেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে চিলিকে এগিয়ে গিয়েছিলেন ভিদালই। ৬১তম মিনিটে সমতা ফেরান বলিভিয়ার কাম্পোস।
এই জয়ে প্রথম ম্যাচে বলিভিয়াকে হারানো পানামার সমান ৩ পয়েন্ট হলো চিলির। তবে গোল ব্যবধানে এগিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ফিলাডেলফিয়ায় বাংলাদেশ সময় বুধবার সকাল ছয়টার পানামার সঙ্গে ড্র করলেই শেষ আটে আর্জেন্টিনার সঙ্গী হবে চিলি।
