আর্জেন্টিনার জয়ের দিনে দি মারিয়ার চোট
পানামাকে উড়িয়ে আর্জেন্টিনার কোপা আমেরিকার শতবর্ষী আসরের কোয়ার্টার-ফাইনালে ওঠার আনন্দ কিছুটা ম্লান করে দিয়েছে আনহেল দি মারিয়ার ডান পায়ের চোট।
শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে হওয়া ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে পানামাকে ৫-০ গোলে হারায় আর্জেন্টিনা।
দলকে এগিয়ে দেওয়া নিকোলাস ওতামেন্দির গোলটিতে অবদান রাখা দি মারিয়া চোট নিয়ে বিরতির দুই মিনিট আগে মাঠ ছাড়েন।
২৮ বছর বয়সী এই উইঙ্গারের চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন তাদের ওয়েবসাইটে জানায়, স্ক্যান করানোর পরই তা বোঝা যাবে।
সিয়াটলে বাংলাদেশ সময়ে আগামী বুধবার সকাল আটটায় গ্রুপের শেষ ম্যাচে গতবারের রানার্সআপ আর্জেন্টিনা মুখোমুখি হবে এরই মধ্যে বিদায় নিশ্চিত হওয়া বলিভিয়ার।
