২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেলের ধারণা, রোনালদোর অপেক্ষা ঘুচবে না

এবারের ইউরোতে ক্রিস্তিয়ানো রোনালদো পর্তুগালকে সাফল্য এনে দিতে পারবেন বলে মনে করেন না কিংবদন্তি ফুটবলার পেলে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2016, 04:34 PM

Updated : 11 Oct 2022, 08:21 PM

সর্বকালের সেরা ফুটবলার বলে বিবেচিত পেলে বর্তমানে ইউরোর আয়োজক দেশ ফ্রান্সেই আছেন। সেখানেই তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, জাতীয় দলের হয়ে কিছু জয়ের অপেক্ষা এবারও ঘুচবে না ৩১ বছর বয়সী রোনালদোর।

ভারতের দৈনিক টাইমস অব ইন্ডিয়াকে পেলে বলেন, “এই তো সেদিন ক্রিস্তিয়ানো শেষ পেনাল্টি নিয়ে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছে। কিন্তু ইউরোতে পর্তুগালের চেয়ে শক্তিশালী অনেকগুলো জাতীয় দল আছে। তাকে ২০১২ সালে পর্তুগালকে সেমি-ফাইনালে তুলতে দেখে আমি খুব খুশি হয়েছিলাম।”

পেলের কাছে এবার ফেভারিট তিন বারের ইউরো জয়ী জার্মানি।

“জার্মানিকেই সবচেয়ে ফেভারিট মনে হয়। এ ছাড়া আছে স্পেন, ফ্রান্স, ইতালি ও ইংল্যান্ড। নেদারল্যান্ডসের বাছাইপর্ব উতরাতে না পারাটা দু:খজনক। এটাই বলে দেয়, ইউরোর বাছাইপর্ব কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বেলজিয়াম আর পর্তুগালের দিকেও চোখ রাখুন।”

জাতীয় দলের হয়ে মেসির কিছু জিততে না পারা নিয়ে পেলে বলেন, “লিওনেল মেসি স্পষ্টভাবে এই প্রজন্মের সেরা ফুটবলার-কোনো সন্দেহ নেই। আমার দেশে মেসি তার দলকে বিশ্বকাপের ফাইনালে তুলেছে এবং এক বছর পর চিলিতে কোপার ফাইনালে তুলেছে। কোনো বারই তার দল না জিতলেও তারা ঠিক পথেই আছে।”

“ক্রিস্তিয়ানো মেসির খুব, খুব কাছাকাছি। যদিও সে ভিন্ন ধরনের একজন ফুটবলার। কখনও কখনও যে কারও জন্যই এটা বলা কঠিন যে, কে কার চেয়ে এগিয়ে আছে এবং তাদের দুজনেই অসাধারণ।”