পা মাটিতে রাখতে সতীর্থদের পরামর্শ রোনালদোর
এস্তোনিয়াকে বিধ্বস্ত করে ইউরো চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি দারুণভাবে সেরে নিয়েছে পর্তুগাল। তবে অতি আত্মবিশ্বাসে গা ভাসিয়ে না দিয়ে সতীর্থদের পা মাটিতেই রাখতে পরামর্শ দিয়েছেন অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো।
নিজেদের মাঠে গত বুধবার এস্তোনিয়াকে ৭-০ ব্যবধানে হারাতে জোড়া গোল করেন রোনালদো আর রিকার্দো কারেসমা। বাকি তিন গোলের দুটি করেন দানিলো পেরেইরা ও এদের; অন্যটি ছিল আত্মঘাতী গোল।
ম্যাচ শেষে পর্তুগালের ক্রীড়া দৈনিক রেকর্দকে রোনালদো বলেন, “এটা ভালো একটি ম্যাচ ছিল। দল ভালো করেছে এবং আমরা ৭ গোল করতে পেরেছি। আমাদের গর্ব করা উচিৎ।”
“কিন্তু এটা একটা প্রীতি ম্যাচ এবং বাস্তবতা হচ্ছে আমাদের এই জয় কিছু প্রমাণ করে না। আমাদের পা মাটিতে রাখতে হবে।
রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখা রোনালদো এবার দেশের হয়ে ভালো একটি ইউরো কাটাতে চান। রিয়াল ফরোয়ার্ডের আপাতত লক্ষ্য গ্রুপ পর্ব পার হওয়া।
“পর্তুগালকে লক্ষ্য অর্জনে সাহায্য করতে চাই আমি। গ্রুপ পর্ব গুরুত্বপূর্ণ এবং এর পর দেখব কী হয়।”
ফ্রান্সের সাঁতে ইচেনায় আগামী মঙ্গলবার রাতে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পর্তুগালের ইউরো চ্যাম্পিয়নশিপের অভিযান। ‘এফ’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ হাঙ্গেরি ও অস্ট্রিয়া।
