ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন নাদাল
কব্জির চোট নিয়ে ফরাসি ওপেন থেকে সরে দাঁড়িয়েছেন প্রতিযোগিতাটির নয়বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল।
গত বৃহস্পতিবার আর্জেন্টিনার ফাকুন্দো বাগনিসকে সরাসরি সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে ওঠার পথে গ্র্যান্ড স্ল্যামে ২০০তম জয়ের মাইলফলক স্পর্শ করেছিলেন স্পেনের এই তারকা।
শুক্রবার সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ২৯ বছর বয়সী নাদাল বলেন, “গতকাল আমি একটি ইনজেকশন নিয়ে খেলেছি। গতকাল সন্ধ্যায় আরও ব্যথা অনুভব করতে শুরু করেছিলাম আমি। আর আজ মনে হয়েছিল কব্জি নাড়াতেই পারছি না।”
তড়িঘড়ি করে ডাকা এক সংবাদ সম্মেলনে নাদাল বলেন, “এটা কঠিন এক মুহূর্ত এবং আমার সবচেয়ে কঠিন সংবাদ সম্মেলন। কিন্তু এটাই শেষ নয়।”
