২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিস্টালের স্বপ্ন গুঁড়িয়ে আর্সেনালের পাশে ইউনাইটেড

ক্রিস্টাল প্যালেসের সামনে ছিল প্রতিশোধ নিয়ে প্রথমবারের মতো এফএ কাপ জয়ের ইতিহাস গড়ার। ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে ছিল সর্বোচ্চ ১২ শিরোপা জেতা আর্সেনালের পাশে বসার হাতছানি। লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে চাওয়া পূরণ হলো ইউনাইটেডেরই। অতিরিক্ত সময়ের গোলে এফএ কাপের দ্বাদশ শিরোপা জয়ের উৎসবে মাতল দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2016, 02:12 AM

Updated : 11 Oct 2022, 08:16 PM

১৯৯০ সালে এএফ কাপের ফাইনালে ইউনাইটেডের সঙ্গে ড্র করেছিল ক্রিস্টাল। পরে রিপ্লে ম্যাচে হেরে স্বপ্ন ভেঙেছিল তাদের। দুই যুগেরও বেশি সময় পর পাওয়া প্রতিশোধের সুযোগটি কাজে লাগাতে পারেনি ক্রিস্টাল। এগিয়ে গিয়েও শনিবার রাতে ২-১ গোলে ইউনাইটেডের কাছে হেরেছে দলটি।

এই জয়ে আর্সেনালের পাশে বসার পাশাপাশি চলতি মৌসুমে শিরোপাহীন থাকার অপবাদ অন্তত নিতে হলো না ইউনাইটেডকে। দলটির কোচ লুইস ফন খালও পেলেন ইংল্যান্ডের সফলতম দলটির হয়ে প্রথম শিরোপা জয়ের স্বাদ।

সপ্তদশ মিনিটে কনর উইকহ্যাম ইউনাইটেডের জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোলটি হয়নি। চার মিনিট পর হুয়ান মাতার শট এক হাত দিয়ে দারুণ দক্ষতায় আটকে প্রতিপক্ষকে উৎসব করতে দেননি ক্রিস্টালের গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধে দুইবার ইউনাইটেডকে গোলবঞ্চিত করে পোস্ট। ৫২তম মিনিটে মার্কাস রাসফোর্ডের বাড়ানো বলে মারুয়ান ফেলাইনির শট ফিরে আসার নয় মিনিট পর অন্তনি মার্সিয়ালের হেডও ফিরে আসে পোস্টে লেগে।

খেলার ধারার বিপরীতে ৭৮তম মিনিটে এগিয়ে যায় পঞ্চদশ স্থানে থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ করা ক্রিস্টাল। অফসাইডের ফাঁদ ভেঙে সতীর্থের বাড়ানো বল বাঁ পা দিয়ে নামিয়ে দাভিদ দি হেয়াকে পরাস্ত করেন জ্যাসন পানচেন।

বারবার গোলবঞ্চিত হওয়া ইউনাইটেড ঘুরে দাঁড়ায় ৮২তম মিনিটে। প্রতিপক্ষের একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে ডান দিক দিয়ে আক্রমণে যাওয়া ওয়েইন রুনির বাড়ানো ক্রস বুক দিয়ে নামিয়ে মাতাকে দেন ফেলাইনি। স্পেন ফরোয়ার্ডের গতিময় ভলি প্রতিপক্ষের এক ফুটবলারের পায়ে লেগে ঠিকানা খুঁজে পায়।

অতিরিক্ত সময়ে (১১৫তম মিনিট) ক্রিস স্মলিং দ্বিতীয় হলুদ কার্ড পেলে ১০ জনের দল হয়ে যায় পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করা ইউনাইটেড।

তবে ছয় মিনিট পরই জেসি লিংগার্ডের দারুণ ভলিতে স্কোরলাইন ২-১ করে নেয় ফন খালের শিষ্যরা। আন্তনিও ভালেন্সিয়ার ক্রস বক্সের মধ্যে ডিফেন্ডাররা বিপদমুক্ত করতে না পাওয়ায় বল পেয়েছিলেন ইংল্যান্ডের এই মিডফিল্ডার।

এই গোলে ক্রিস্টালের ইতিহাস গড়ার স্বপ্ন গুঁড়িয়ে যায় শেষ পর্যন্ত।