সুয়ারেসকে নিয়ে মজাও করেন মেসি-নেইমার
বার্সেলোনার ‘এমএসএন’ ত্রয়ীর মধ্যে ম্যাচ ছাড়াও অনুশীলনে বোঝাপড়া দারুণ। দলটির তারকা ফরোয়ার্ড সুয়ারেস জানিয়েছেন, আক্রমণে তার দুই সতীর্থ লিওনেল মেসি ও নেইমার তাকে নিয়ে অনুশীলনের সময় মাঠে মজাও করেন।
বিন স্পোর্টসকে সুয়ারেস জানান, দলের অনুশীলনে প্রায়শই দুই তারকার ঠাট্টার লক্ষ্যবস্তু হন তিনি।
“কেবল দুটি স্পর্শ করো, আর নয়-এই বলে তারা আমাকে খেপাতে চেষ্টা করে। আর বলে, সম্ভব হলে কেবল একটি স্পর্শে বল জায়গায় পৌঁছে দেওয়া নিশ্চিত করো।”
“এটা আমাকে বিব্রত করে না। কারণ, আমি এরই মধ্যে এটা জানি। আমি আমার সীমা জানি। তাই এটা আমাকে হতাশ করে না, বরং এটা আমাকে হাসায়।”
আতলেতিকো মাদ্রিদের মাঠ ভিসেন্তে কালদেরনে আগামী রোববার কোপা দেল রের ফাইনালে সেভিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচে বার্সেলোনার হয়ে এই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৬০তম গোল পাওয়ার হাতছানি আছে ৪০ গোল করে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘পিচিচি ট্রফি’ জেতা সুয়ারেসের।
